আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। হাইতির এক নাগরিকের হাতে সংগঠিত এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার জন্য সরাসরি বর্তমান বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে দায়ী করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, খুনি ওই হাইতিয়ান নাগরিককে আদালত আগেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু জো বাইডেন প্রশাসন হাইতির নাগরিকদের যে ‘বিশেষ সুবিধা’ বা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) দিয়েছে, তার সুযোগ নিয়েই সে যুক্তরাষ্ট্রে থেকে যায় এবং এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
ট্রাম্প তাঁর পোস্টে খুনিকে ‘পশু’ হিসেবে আখ্যায়িত করে লেখেন, “বাইডেন প্রশাসনের প্রতারণামূলক ও অপব্যবহৃত একটি প্রোগ্রামের কারণেই এই অপরাধী এখানে থাকার সুযোগ পেয়েছে। আমার প্রশাসন এই সুযোগ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু উগ্র জেলা আদালতের বিচারকরা বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন।” এই একটি হত্যাকাণ্ডই বিচারকদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম জোয়াকিন। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জোয়াকিন হাতে হাতুড়ি নিয়ে একটি গ্যাস স্টেশনে গাড়ি ভাঙচুর করছিলেন। সে সময় ওই স্টোরের ক্লার্ক হিসেবে কর্মরত বাংলাদেশি নারী ইয়াসমিন বাইরে বেরিয়ে এলে জোয়াকিন তাঁর মাথায় সজোরে আঘাত করেন। ইয়াসমিন মাটিতে পড়ে যাওয়ার পর তাঁর মাথায় আরও ছয়বার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পুলিশের কাছে জোয়াকিন স্বীকার করেছেন যে, তিনি ওই গ্যাস স্টেশনের ক্লার্ককে হত্যা করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন। নথিপত্র অনুযায়ী, জোয়াকিন ২০২২ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং সে বছরই আদালত তাঁকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। তবে টিপিএস সুবিধার আওতায় তিনি অস্থায়ী ভিসা পান, যার মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যায়। কয়েক দিনের মধ্যেই তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।







