বাংলাদেশ


যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

জামিল আহমেদ লিমন (২৭) ও গ্রেপ্তার হিশাম আবুঘারবিয়াহ


যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

 

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত হিশামকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, নাহিদার সন্ধানেও অভিযান চলছে।


জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নিখোঁজ নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন।

 

বিশ্ববিদ্যালয় পুলিশ সূত্রে জানা গেছে, জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল। সেদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কাছের ছাত্রাবাসে জামিলকে এবং একই দিন সকালে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে শেষবারের মতো দেখা যায়। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার এই ঘটনাকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে উল্লেখ করেছেন।

 

পুলিশ জানিয়েছে, হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে মারধর, অবৈধভাবে আটক, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাকে এর আগেও অন্তত দুইবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে পরবর্তীতে তিনি তদন্তে সহযোগিতা বন্ধ করেন।

 

গ্রেপ্তারের আগে তাকে পারিবারিক বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রাখেন, পরে বিশেষ অভিযান দল (সোয়াট) ঘটনাস্থলে গেলে তিনি আত্মসমর্পণ করেন।

 limon-bristy_1777099296.webp


পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই পারিবারিক সহিংসতার মামলায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। ২০২৩ সালেও মারধরের অভিযোগে তাকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে সেসব মামলা প্রত্যাহার করা হয়।

 

এদিকে, জামিল আহমেদের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি মেডিকেল টিম। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

নিহতের পরিবার জানায়, ১০ দিন ধরে তারা ছেলের খোঁজ করছিলেন। জামিলের ভাই জুবায়ের আহমেদ বলেন, “আমরা ভীষণ কষ্টে আছি, শুধু সত্যটা জানতে চাই।” পরিবার আরও জানায়, জামিল নিখোঁজ নাহিদা বৃষ্টিকে বিয়ে করার কথাও ভাবছিলেন এবং বিষয়টি পরিবার জানত।

 

ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম শোক প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে এবং নিখোঁজ নাহিদার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

 

সূত্র: সিএনএন

 
 

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।