আন্তর্জাতিক
মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত
.jpg)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যেই মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরেকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপোলিস থেকে ভারী অস্ত্রধারী ফেডারেল কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিনিয়াপোলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা শনিবার সাংবাদিকদের জানান, ৩৭ বছর বয়সী এক ব্যক্তি একাধিকবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং তিনি একজন মার্কিন নাগরিক ছিলেন। পরে তার বাবা–মা পরিচয় নিশ্চিত করে জানান, নিহতের নাম আলেক্স প্রেটি। তিনি পেশায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) একজন নার্স ছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে সেখানে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এমন অবস্থার মধ্যেই এই গুলির ঘটনা ঘটল।
এর আগে গত ৭ জানুয়ারি মিনিয়াপোলিসে রেনি গুড নামের ৩৭ বছর বয়সী এক নারী গুলিতে নিহত হন। ওই ঘটনায় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তা তার গাড়ির দিকে গুলি চালালে রেনি গুড নিহত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই শহরটিতে প্রতিদিন ব্যাপক বিক্ষোভ চলছে। গত সপ্তাহে আরেকটি পৃথক ঘটনায় ফেডারেল এজেন্টরা ভেনেজুয়েলার এক ব্যক্তিকেও গুলি করেন।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়াল্জ এক সংবাদ সম্মেলনে বলেন, “এটা আমাদের শহরের মানুষের ওপর চালানো পরিকল্পিত নিষ্ঠুরতা। আর আজ সেই নিষ্ঠুরতায় আরেকজন প্রাণ হারালেন।”
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, একজন মার্কিন বর্ডার প্যাট্রোল এজেন্ট এমন এক ব্যক্তিকে গুলি করেন, যার কাছে একটি হ্যান্ডগান ছিল। কর্মকর্তারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন বলে দাবি করা হয়। ডিএইচএসের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, এজেন্টদের দিকে এগিয়ে আসা ওই ব্যক্তি ‘সহিংসভাবে প্রতিরোধ’ করলে আত্মরক্ষার অংশ হিসেবেই গুলি ছোড়া হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর টিম ওয়াল্জ ও মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রের সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি বন্দুকের ছবি পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশ কোথায় ছিল এবং কেন আইসিই কর্মকর্তাদের সুরক্ষায় তাদের মোতায়েন করা হয়নি।
তবে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে ভিন্ন চিত্র উঠে এসেছে। ভিডিওতে দেখা যায়, আলেক্স প্রেটি রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে ফেডারেল এজেন্টদের ভিডিও করছিলেন। একপর্যায়ে এক এজেন্ট প্রেটি ও অন্যান্য বিক্ষোভকারীদের দিকে পেপার স্প্রে ছোড়েন। প্রেটি স্প্রে ঠেকাতে এবং অন্যদের সাহায্য করতে এগিয়ে গেলে একাধিক এজেন্ট তাকে ধস্তাধস্তি করে মাটিতে ফেলে দেন এবং মাথা ও শরীরে আঘাত করতে থাকেন।
ভিডিওতে আরও দেখা যায়, এজেন্টরা প্রেটিকে মাটিতে চেপে ধরে রাখার সময় একজন এজেন্ট অস্ত্র বের করে একাধিক গুলি ছোড়েন। এরপর রাস্তায় প্রেটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
গবেষক ও সাংবাদিকদের অনুসন্ধানী সংগঠন ‘বেলিংক্যাট’ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণে দেখা যায়, প্রথম গুলি ছোড়ার আগেই প্রেটির কাছ থেকে একটি বন্দুক সরিয়ে নেওয়া হয়েছিল। সংগঠনটি জানায়, অন্তত দুইজন এজেন্টকে গুলি ছুড়তে দেখা যায় এবং কমপক্ষে ১০টি গুলির শব্দ শোনা যায়। প্রেটি সম্পূর্ণ নড়াচড়া বন্ধ করে দেওয়ার পরই বেশিরভাগ গুলি ছোড়া হয়।
পুলিশপ্রধান ব্রায়ান ও’হারা বলেন, পুলিশের ধারণা অনুযায়ী প্রেটি একজন বৈধ ও অনুমতিপ্রাপ্ত অস্ত্রধারী ছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যে নির্দিষ্ট অনুমতি থাকলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ রয়েছে।
এই ঘটনার পর উত্তেজনা বাড়তে থাকায় পুলিশপ্রধান সাধারণ জনগণ এবং ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আস্থা ভোটে জয়ী বিজয়, ১৪৪ বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকারে শক্ত অবস্থান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ, ‘পানিবোমা’ আশঙ্কায় ভারত
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীকে ঘিরে চীনের সক্রিয়তা শুধু অবকাঠামোগত সহযোগিতার বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ইরানে গোপন বিমান হামলা চালিয়েছে আমিরাত, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই পাল্টা অভিযান পরিচালনা করে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প চালু, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








