রাজনীতি
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় ও প্রশাসনিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরকে সামনে রেখে সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। ইতোমধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।
দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে প্রধানমন্ত্রী খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বড় জনসভায় অংশ নেবেন।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। এ উপলক্ষে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন কর্মী ছিলেন, আর এবার প্রধানমন্ত্রী হিসেবে তার আগমন চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়। তিনি সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।








