রাজনীতি
বগুড়া–৪ আসনে ভোট কেনার অভিযোগ ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৪
.jpg)
ছবি: সংগৃহীত
বগুড়া–৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা–মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে থালতা–মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের চোখে গুরুতর আঘাত লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাঁর ভাই রবিউল ইসলাম, দাঁড়িপাল্লার কর্মী ও থালতা–মাঝগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন এবং জামায়াতের কর্মী ফারুক হোসেন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে বেলাল হোসেন ও ফারুক হোসেনকে বিএনপির নেতা–কর্মীরা আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয় বলে বিএনপির দাবি। পরে তাঁদের থালতা–মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
এই খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে লাঠিসোঁটা হাতে জামায়াতের সমর্থকেরা মাসুদ রানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। আশপাশের আরও কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আটক দুই কর্মীকে উদ্ধার করে নিয়ে যান জামায়াতের সমর্থকেরা।
ঘটনার পর আজ মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মাসুদ রানার ছেলে কলেজছাত্র সিয়াম আকন্দ অভিযোগ করেন, জামায়াত–শিবিরের নেতা–কর্মীরা মধ্যরাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে তাঁর বাবা ও পরিবারের সদস্যদের মারধর করেন। তাঁর দাবি, হামলার সময় তাঁর বাবার চোখে গুরুতর আঘাত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং বগুড়া–৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। মোশারফ হোসেন অভিযোগ করেন, জামায়াত–শিবিরের কয়েক শ কর্মী অর্ধশতাধিক মোটরসাইকেলে করে এসে বিএনপি নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা চালান এবং আটক কর্মীদের ছিনিয়ে নিয়ে যান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল। তিনি বলেন, টাকা বিতরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি, ভোটের লিফলেট বিতরণের সময় জামায়াতের দুই কর্মীকে বিএনপির লোকজন আটক করে মারধর ও বেঁধে রাখে। পরে তাঁদের উদ্ধার করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধানের শীষের সমর্থকেরা দাঁড়িপাল্লার দুই কর্মীকে আটক করেছেন—এমন খবর পেয়ে জামায়াতের কর্মীরা সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যান। হামলা, ভাঙচুর বা সংঘর্ষের বিষয়ে তদন্ত চলছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়
ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের
ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইসরায়েলি পণ্য বয়কটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


.jpg)






