তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তিনি আন্তালিয়ায় পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদার, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন এরদোয়ান।

কপ-৩১-এ বাংলাদেশের অগ্রাধিকার

কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার দাবিও তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।