রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া দুটি বস্তু শক্তিশালী গ্রেনেড ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। তবে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে সদস্য মোতায়েন থাকার পরও কীভাবে গ্রেনেড দুটি সেখানে রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী সন্দেহজনক বস্তু দুটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ সদস্যকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা নেন। বন্ধ করে দেওয়া হয় প্রধান ফটক। যাত্রীদের চলাচলের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, আরএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গ্রেনেড দুটি উদ্ধার করে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে বালুভর্তি গর্তে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

নিরাপত্তার মধ্যেই কীভাবে রাখা হলো গ্রেনেড?

বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছিলেন বলে কর্তৃপক্ষের তথ্য। এরপরও কীভাবে গ্রেনেড দুটি সেখানে রাখা হলো, তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেনেড দুটি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। এগুলো মিয়ানমারে তৈরি হতে পারে বলে কর্মকর্তাদের সন্দেহ। তবে গ্রেনেডের উৎস, কারা সেগুলো রেখেছে এবং উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেছনের গেট দিয়ে বের করা হয় মন্ত্রীকে

গ্রেনেড উদ্ধারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। নিরাপত্তার কারণে তাঁকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।

রাজশাহী বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলাম বলেন, গ্রেনেড উদ্ধারের ঘটনায় মন্ত্রীসহ বিমানবন্দরে থাকা যাত্রীদের পেছনের গেট দিয়ে বের করা হয়েছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গ্রেনেড দুটি কারা এবং কী উদ্দেশ্যে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।