রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুইজোর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করেন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন এমন কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে বাড়িতে হামলা চালান।
অভিযুক্তদের মধ্যে আবদার জেলে, তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছে পরিবার।
অমিতের পরিবারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে সদস্যদের মারধর করেন। এ সময় টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যান তাঁরা।
তার পরিবারের সদস্যরা জানান, হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
অমিত হাসান রবিন জানান, বিষয়টি পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।









