সারাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের সর্বস্ব ভস্মীভূত

ছবি: দূরবিন নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১২টি টিনের ঘরসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (রাত) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। আগুনে ঘরবাড়ি ও খাদ্যশস্য পুড়ে যাওয়ায় তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
রোববার রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মতে, অগ্নিকাণ্ডে প্রায় ১২ থেকে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলুসহ আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









