সারাদেশ


১৬ দিন পেরোল, নেই কোনো গ্রেপ্তার: রোল ২২ থেকে ২- আয়েশার সাফল্য চাপা পড়ল আগুন আর কবরের নিচে


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার

১৬ দিন পেরোল, নেই কোনো গ্রেপ্তার: রোল ২২ থেকে ২- আয়েশার সাফল্য চাপা পড়ল আগুন আর কবরের নিচে

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর মৃত্যুর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যে শিশুটি এবার দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উঠে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছিল, তার সেই সাফল্যের খবর এসেছে মৃত্যুর পরে যখন সে আর কিছুই দেখার নেই, বলার নেই, শুধু নীরব কবর।

 

গত ১৯ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভয়াবহ সেই আগুনে ঘটনাস্থলেই মারা যায় ছোট্ট আয়েশা। পরে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে ২৫ ডিসেম্বর মারা যায় তার বড় বোন সালমা আক্তার স্মৃতি (১৮)। আগুনে আহত হয় আরও এক কিশোরী।

 

আয়েশা ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার এলাকার ফাইভ স্টার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী জানান, ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৪৩ পেয়ে আয়েশা মেধা তালিকায় দ্বিতীয় হয়। দ্বিতীয় শ্রেণিতে তার রোল ছিল ২২, আর তৃতীয় শ্রেণিতে রোল ওঠে ২। “এমন ফলাফলে আয়েশার চোখে-মুখে আনন্দ ঝরে পড়ত। কিন্তু আজ সেই ফলাফল শুধু আমাদের কাঁদায়,” বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

 

ঘটনার সময় বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম ও সন্তানরা ঘরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর পরিবারের কয়েকজনকে বের করতে পারলেও তীব্র আগুনে আটকে পড়ে আয়েশা। বাবা-মায়ের আকুতি আর চিৎকারের মাঝেই পুড়ে যায় শিশুটি।

 

নিহত আয়েশার মা নাজমা বেগম বলেন, এক মেয়ের বিয়ে হয়েছিল মাত্র কয়েক দিন আগে, শ্বশুরবাড়িও দেখা হলো না। আগুনে পুড়ে সে চলে গেল। চোখের সামনে আরেক মেয়েও মারা গেল। আমি বিচার চাই।

 

এদিকে ঘটনার পর প্রথম দিকে পুলিশ অগ্নিসংযোগ ও তালা লাগানোর বিষয়টি নিয়ে স্পষ্ট প্রমাণ পায়নি বলে জানালেও পরে ঘটনাস্থল থেকে তালা উদ্ধার করা হয়। বেলাল হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মামলাটি তদন্তাধীন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

 

রোল নম্বর বদলেছে, শ্রেণি বদলেছে কিন্তু আয়েশার জীবনের সব সম্ভাবনা থেমে গেছে আগুনে। ১৬ দিনেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবার ও এলাকাবাসীর। তারা বলছেন, শুধু সান্ত্বনা নয়, তারা চান দ্রুত বিচার আর দৃষ্টান্তমূলক শাস্তি।


সম্পর্কিত

আয়েশাঅগ্নিকাণ্ড

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।