সারাদেশ


চরফ্যাশন মহাসড়কে ট্রাক–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ তিনজন নিহত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার

চরফ্যাশন মহাসড়কে ট্রাক–সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারীসহ তিনজন নিহত

ভোলার চরফ্যাশন মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মো. মিজান (৩৬), রিয়াজ উদ্দিন এবং আজমিরী আমরিন (২০)। এর মধ্যে মো. মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিম উদ্দিন খানের মেয়ে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে লালমোহন উপজেলা থেকে চালকসহ পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে সিএনজি চালকসহ আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ভোলা জেলা পুলিশের সুপার শহীদুল্লাহ কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই লালমোহন উপজেলার বাসিন্দা।

 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এলাকায় এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত

দূর্ঘটনাচরফ্যাশন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।