বাংলাদেশ


‘আমি আবার স্কুলে যেতে চাই’- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১২ বছরের অভিজিত


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার

‘আমি আবার স্কুলে যেতে চাই’- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১২ বছরের অভিজিত

যে বয়সে কাঁধে স্কুলব্যাগ নিয়ে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই ১২ বছর বয়সী অভিজিত চৌধুরী লড়ছে এক জটিল ও বিরল রোগের সঙ্গে। খেলার মাঠে ছুটে বেড়ানোর বদলে এখন সে শুয়ে আছে ভারতের একটি হাসপাতালের বিছানায়, বেঁচে থাকার আকুতি নিয়ে।

 

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অভিজিত বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, সে ‘সার্ভিকো থোরাসিক স্কোলিওসিস’ নামক জটিল রোগে আক্রান্ত, যার ফলে তার মেরুদণ্ডের ঘাড় ও বুকের মাঝামাঝি অংশ মারাত্মকভাবে বাঁকা হয়ে গেছে। এতে তার স্বাভাবিক চলাফেরা, শারীরিক বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাপন প্রায় অচল হয়ে পড়েছে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার না করলে অভিজিত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হাঁটা, বসা এমনকি স্বাভাবিকভাবে কথা বলাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে। জরুরি অস্ত্রোপচারের জন্য আগামী কয়েক দিনের মধ্যে সাত ব্যাগ বি-পজিটিভ রক্তেরও প্রয়োজন।

 

হাসপাতালের বেডে শুয়েও অভিজিতের একটাই কথা “আমি বাঁচতে চাই, আবার স্কুলে যেতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, বড় হয়ে ডাক্তার হতে চাই।”

 

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তার ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা শুরু হয়। শুরুতে সাধারণ ব্যথা মনে করে চিকিৎসা করা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে গুরুতর রোগটি। দেশে উন্নত চিকিৎসা সম্ভব না হওয়ায় তাকে চেন্নাইয়ে পাঠানো হয়।

 

অভিজিত শুধু একজন রোগী নয়, সে একজন স্বপ্নবাজ শিশু। নাটক, গান, কবিতা এবং খেলাধুলায় ছিল তার দারুণ আগ্রহ। উপজেলা ও জেলা পর্যায়ে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছে সে। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করা।

 

তবে তার পরিবার এখন চরম সংকটে। বাবা সুজিত কুমার চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন এবং কর্মক্ষম নন। সংসারের একমাত্র উপার্জনকারী মা সম্পা রানী তালুকদার একটি স্বল্প আয়ের চাকরি করে কোনোভাবে সংসার চালাচ্ছেন।

 

ইতোমধ্যে চিকিৎসার পেছনে প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার জন্য আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সহায়-সম্বল বিক্রি করেও তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি।

 

অভিজিতের মা বলেন, “আমার ছেলেটা বাঁচতে চায়। আমরা সবকিছু বিক্রি করে দিয়েছি। এখন সমাজের মানুষের সাহায্য ছাড়া ওর চিকিৎসা সম্ভব নয়।”
বাবার কণ্ঠেও একই আর্তি “আমার ছেলেকে বাঁচিয়ে দিন।”

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের এই পরিবারটি এখন সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার অপেক্ষায়। সামান্য সহায়তাই পারে একটি শিশুর জীবন বাঁচাতে এবং তাকে আবার ফিরিয়ে দিতে স্বাভাবিক জীবনে, স্কুলের বেঞ্চে।

 


সহায়তার ঠিকানা

বিকাশ/নগদ (মামা সঞ্জয়): ০১৭০৩-৭৬৪২২৮
বিকাশ/নগদ/রকেট (মাসি বিউটি): ০১৭৩৯-৬৬৯৬০০
ব্যাংক হিসাব: পুবালী ব্যাংক লিমিটেড, জামালগঞ্জ, সুনামগঞ্জ
হিসাবের নাম: সম্পা রানী তালুকদার
হিসাব নম্বর: ১৮৪৯১০১১৩৬৭৭০


সম্পর্কিত

জীবনসংগ্রাম

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।