বাংলাদেশ


‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার?


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার

‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার?

ছবি: সংগৃহীত


বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন, “মব কালচারের দিন শেষ।” দাবি আদায়ের নামে দলবদ্ধ সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন।

 

তবে মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের প্রশ্ন ঘনঘন সংঘটিত ‘মব ভায়োলেন্স’ বা দলবদ্ধ বিশৃঙ্খলার প্রেক্ষাপটে বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ কতটা সহজ হবে?

 

অন্তর্বর্তী সরকারের আমলে ‘মব ভায়োলেন্স’ ছিল আলোচনার কেন্দ্রে। নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলা, চাঁদাবাজি, ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের মারধর, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

 

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দলবদ্ধ সহিংসতা একটি ‘প্রকট ও প্রাণঘাতী প্রবণতা’ হিসেবে আবির্ভূত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন–এর হিসাবে, ওই বছরে ৪৬০ জন মব জাস্টিস ও গণপিটুনিতে নিহত হন।

 

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র–এর তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে এ ধরনের ঘটনায় ২১৫ জনের মৃত্যু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের বছর ২০২৪ সালে মৃত্যু হয় ১২৮ জনের, আর ২০২৫ সালে এ সংখ্যা প্রায় ২০০।

 

বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসে ধস এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততা’ অপরাধীদের উৎসাহ জুগিয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার “মব ভায়োলেন্স বলতে কিছু নেই” মন্তব্যও সমালোচনার জন্ম দেয়।

 

কিছু ক্ষেত্রে দলবদ্ধ সহিংসতাকে ‘রাজনৈতিক বৈধতা’ দেওয়ার প্রবণতাও পরিস্থিতি জটিল করেছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক। তাঁর মতে, বিচারের নামে ভিন্নমত দমন বা দলীয় পক্ষপাত চলতে থাকলে পরিস্থিতির উন্নতি হবে না।

 

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, সরকারের সদিচ্ছা ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার ওপরই নির্ভর করবে পরিস্থিতির উন্নতি।

 

দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তব্য দিতে গিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, “দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ে মিছিল-সমাবেশ করা যাবে।”

 

তাঁর এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করছেন আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত না হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে।

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নতুন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, দলীয় প্রভাবমুক্ত তদন্ত ও বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল পুনর্গঠন, রাজনৈতিক মদদপুষ্ট সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ, সামাজিক মাধ্যমে উসকানি ও গুজব নিয়ন্ত্রণ। এই চারটি ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘মব ভায়োলেন্স’ নতুন নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর বিস্তার ও প্রাণঘাতী রূপ পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। এখন দেখার বিষয়, কঠোর ঘোষণার পর বাস্তব পদক্ষেপে কতটা সফল হয় নতুন সরকার।

 

সম্পর্কিত

মব ভায়োলেন্সমব সন্ত্রাসসরকার

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।