বাংলাদেশ


হাসিনা সরকার আমলে নিরাপদ সড়ক আন্দোলনের ফেসবুক পোস্ট শেয়ারই ‘অপরাধ’: নুসরাতের ৭ বছরের কারাগার-লড়াই


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:১০ জানুয়ারি ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, শনিবার

হাসিনা সরকার আমলে নিরাপদ সড়ক আন্দোলনের ফেসবুক পোস্ট শেয়ারই ‘অপরাধ’: নুসরাতের ৭ বছরের কারাগার-লড়াই

ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার ‘অপরাধে’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ১৪ দিন কারাগারে থাকতে হয়েছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ টিয়াখালী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান সোনিয়াকে। সেই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত, মানসিক নিপীড়ন, সামাজিক হেয় প্রতিপন্ন হওয়া সব মিলিয়ে তাঁর জীবনে নেমে আসে দীর্ঘ অন্ধকার। টানা ৭ বছর ৪ মাস ২৩ দিন পর অবশেষে সেই দুঃস্বপ্নের অধ্যায় থেকে মুক্তি পেলেন তিনি।

 

নুসরাতের গর্ভে থাকা সেই শিশুর বয়স এখন সাত বছর পেরিয়েছে। আজ সে বুঝতে শুরু করেছে, মায়ের জীবনে কী হয়েছিল। শিশুটি প্রায়ই প্রশ্ন করে আমি পেটে থাকতে থাকতে তুমি কেন জেলে গিয়েছিলে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজও থমকে যান নুসরাত।

 

২০১৮ সালের জুলাই–আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়, ৩ আগস্ট ফেসবুকে অন্যের একটি পোস্ট শেয়ার করেন নুসরাত। এর জেরে ৪ আগস্ট গভীর রাতে তাঁকে আটক করে কলাপাড়া থানায় নেওয়া হয়। পরদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ৬ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

মামলার অভিযোগে বলা হয়, ওই পোস্টে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখা, পুলিশের ওপর নজর রাখা এবং আত্মরক্ষার জন্য মরিচের গুঁড়া বা ছোট ইটের টুকরা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

 

নুসরাত বলেন, পেটে সাত মাসের সন্তান নিয়ে থানায় আমাকে ১২ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। হাত-পা ফুলে গিয়েছিল। মনে হয়েছিল, আমি ভয়ংকর কোনো অপরাধী।

 

গ্রেপ্তারের সময় তাঁর বড় ছেলের বয়স ছিল ছয় বছর। আজ সে কিশোর। স্বামী আনোয়ার হোসেন তখন ব্যবসা করতেন। নুসরাতকে কলাপাড়া থেকে পটুয়াখালী জেলে নেওয়ার পথে পুলিশের আচরণ ছিল চরম অমানবিক এমন অভিযোগ করেন তিনি।

 

তিনি বলেন, পুলিশের গাড়িতে যাওয়ার সময় তাঁকে জেলখানার বদলে এসপি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সরকারের বিরুদ্ধে পোস্ট শেয়ার করার কারণ জানতে চাওয়া হয়।

 

কারাগারে শারীরিক নির্যাতন না হলেও মানসিক যন্ত্রণা ছিল ভয়াবহ। পাতলা কম্বলের ওপর মেঝেতে ঘুম, বড় পেট নিয়ে একা উঠতে না পারা, গরমে নষ্ট খাবার সব মিলিয়ে প্রতিটি দিন ছিল কষ্টের।

 

জামিনের সময়ও রাষ্ট্রপক্ষ তাঁর গর্ভাবস্থাকে অস্বীকার করে ভুয়া কাগজের অভিযোগ তোলে। জামিন পাওয়ার পর ঢাকায় হাজিরা দিতে গিয়ে হোটেলে থাকতে হয়েছে পরিবারসহ।

 

২০২৪ সালের ২২ মে হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল করে নুসরাতকে অব্যাহতি দেন। আদালত বলেন, চার্জশিট দেওয়ার সময় আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল হয়ে যাওয়ায় মামলাটি আইনের অপব্যবহার।

 

গত বছরের ২৮ ডিসেম্বর তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। বরখাস্তকাল চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং বকেয়া বেতন-ভাতা পাওয়ার কথাও জানানো হয়। ২৯ ডিসেম্বর কাজে যোগ দেন নুসরাত।

 

ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, নুসরাতের সঙ্গে যা ঘটেছে, তা গুরুতর অন্যায়। রাষ্ট্রকে এর ক্ষতিপূরণ দিতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

 

নুসরাত বলেন, এই দীর্ঘ সময়টা বলতে গেলে অন্ধকারেই কেটেছে। আমি যে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব, তা কখনো ভাবিনি।


সম্পর্কিত

ফেসবুকঅপরাধফ্যাসিস্ট সরকার

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।