জাতীয়


৫ আগস্ট জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার

৫ আগস্ট জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেবে সরকার

আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করবে সরকার। দিবসটি উপলক্ষে ঢাকা ও জেলা পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধা’দের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সরকারি ভবনে আলোকসজ্জা, শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে বিষয়টি জানা গেছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আয়োজন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন। একই ধরনের অনুষ্ঠান দেশের সব জেলা পর্যায়েও আয়োজনের বিষয়ে সভায় ঐকমত্য হয়।

 

দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্মৃতিস্তম্ভগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট এলাকার সড়ক সংস্কারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

এছাড়া ঢাকাসহ দেশের প্রধান সড়ক, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

 

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। একইসঙ্গে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

 

দিবসটি স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সরকারি ও বেসরকারি গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। দীর্ঘ সময়ের গুম, খুন, মিথ্যা মামলা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ত্যাগ ও সংগ্রামের ফল এই গণঅভ্যুত্থান। এর চেতনা ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই এখন প্রধান দায়িত্ব।

 

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে কর্মসূচি প্রণয়ন করতে হবে। যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছে, তাদের অবদান স্মরণীয় করে রাখা প্রয়োজন।

 

জাতীয় কর্মসূচিগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সমন্বয়ে দুটি কমিটি এবং দুটি উপকমিটি গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ কীভাবে, সংসদে প্রশ্ন শামীম কায়সারের

জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ধর্ম, রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে কেউ জান্নাতের একক প্রতিনিধিত্ব দাবি করতে পারে না। একই সঙ্গে নারী অধিকার ও ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জুলাই শহীদ পরিবার ও আহতদের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের জন্য চলমান মাসিক ভাতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ঘাটতি নেই, সাময়িক বিভ্রাট হতে পারে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।