আন্তর্জাতিক
পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিরাপত্তা ও আইন প্রয়োগবিষয়ক উপ-গভর্নর ওয়ালিওল্লাহ হায়াতি জানান, শনিবার ভোরে চালানো ওই হামলায় নিহত ব্যক্তি কেন্দ্রটির নিরাপত্তারক্ষী ছিলেন।
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্রের দাবি, পারস্য উপসাগরের সরু প্রবেশপথ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাণিজ্যিক জাহাজকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) লক্ষ্যবস্তু করার পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায়।
একসময় বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরান পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আসছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালানোর ইরানের সক্ষমতা কমিয়ে দিতে তারা বিভিন্ন স্থানে ডজনখানেক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে।
সেন্টকমের দাবি অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযান। অভিযানে প্রথমবারের মতো মার্কিন যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, একমুখী আত্মঘাতী ড্রোন এবং আত্মঘাতী সামুদ্রিক ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
এর আগে মার্কিন বাহিনী প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল, যা গত সপ্তাহের আগের দুই দফার অভিযানের তুলনায় বড় পরিসরের ছিল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "গত রাতে আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করেছি।"
মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এসব এলাকায় মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
ইরান দাবি করেছে, বাহরাইনে একটি মার্কিন ড্রোনবহর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ উড়োজাহাজের হ্যাঙ্গার এবং একটি সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে।
ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও 'বিধ্বংসী ড্রোন' হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বাংকার ও সামরিক স্থাপনা রয়েছে। আইআরজিসি এর আগে আলী আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে হামলার দাবিও করেছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলা পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের জন্য গত কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় প্রকাশ্য হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌপথে আবারও নিরাপত্তাহীনতা তৈরি করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান, হরমোজগান এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। হরমোজগান প্রদেশের জাস্ক, সিরিক, কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব এলাকায় রাডার সাইট ও সামরিক স্থাপনা রয়েছে।
এ ছাড়া খুজেস্তানের ওমিদিয়েহ, মাহশাহর, বেহবাহান, দেজফুল এবং আহভাজের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহারের কাছাকাছি এলাকা এবং মারকাজি প্রদেশের খোন্দাব শহরের বাইরে বিমান হামলার খবরও এসেছে। খোন্দাব এলাকায় একটি পানি শোধনাগার রয়েছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়
ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ
তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে (ইয়ারলুং সাংপো) নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের একদল ভূতাত্ত্বিক। তাদের গবেষণায় উঠে এসেছে, মেগা বাঁধটির জলাধার এলাকার ঠিক নিচেই রয়েছে একটি সক্রিয় ভূ-ফাটল (ফল্ট লাইন), যা ভবিষ্যতে বাঁধটির কাঠামোগত স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এ পরিস্থিতি ভাটির দেশ ভারত ও বাংলাদেশের উদ্বেগও আরও বাড়িয়ে দিয়েছে।








