সারাদেশ
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে ফল ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ

প্রতিকি ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী নির্মল দাস (৫০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নির্মল দাসের অভিযোগ অনুযায়ী, মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে তার একটি ফলের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে সুজন সিকদার ও তাঁর সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নির্মল দাস টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাঁর কলেজপড়ুয়া ছেলে ঋত্বিক দাসকে মাদকের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করে তাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করেন তারা।
নির্মল দাসের ভাষ্য, রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে সুজন সিকদার ও তাঁর সহযোগীরা পথরোধ করে তার কাছে চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্বজনদের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে সুজন সিকদার বলেন, “নির্মল দাসের ছেলে ঋত্বিক দাসের বিরুদ্ধে থানায় মাদকের মামলা আছে। বিষয়টি থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তাঁকে জানানো হয়েছে। এলাকার পরিবেশ ঠিক রাখতে নির্মল দাসকে আগে সতর্ক করা হয়েছিল; কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। মারধরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁকে শুধু টানাহেঁচড়া করা হয়েছে।”
উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু বলেন, তিনি অভিযোগের কথা শুনেছেন। তবে কোনো অপরাধে শাস্তি দেওয়ার অধিকার দলের নেই, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার পর সুজন সিকদার ও তাঁর লোকজন থানায় এসে নির্মল দাসের ছেলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ করেছেন। নির্মল দাস পরে সুজন সিকদারের বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়ে লিখিত অভিযোগ দেন। তবে থানায় নির্মলের ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









