রাজনীতি
পত্রিকা অফিসে হামলার আগাম গোয়েন্দা তথ্য ছিল, তবু ব্যবস্থা নেওয়া হয়নি: সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, টেলিভিশন ও রেডিওর বার্তাপ্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে এই সভার আয়োজন করে বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের জন্য লজ্জার। শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে এই ঘটনা শেষ করা যায় না। এখানে সরকারের দায় সবচেয়ে বেশি।” তিনি আরও বলেন, আমরা জেনেছি, হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল। তাহলে সেটা কেন গুরুত্ব দিয়ে দেখা হয়নি?
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সালাহউদ্দিন বলেন, শুনেছি, জানানোর পরও এক-দুই ঘণ্টা পরে আইনশৃঙ্খলা বাহিনী সাড়া দিয়েছে। কেন এমন দেরি হলো? যারা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন, তাদের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
গণমাধ্যমকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও স্থাপনায় টার্গেট করে হামলা হচ্ছে। এটা নতুন নয়। কোথাও কোথাও মবোক্রেসিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা ডেমোক্রেসি চেয়েছিলাম, মবোক্রেসি নয়। সরকারের দুর্বলতার কারণেই এসব হচ্ছে, যা কঠোর হাতে দমন করা প্রয়োজন।
গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষের গণপ্রত্যাশা অনেক বড়। সবাই পূর্ণ গণতন্ত্র চায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যেন সেগুলো গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থই হওয়া উচিত সবার ঊর্ধ্বে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ দেয়, তাহলে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, ১৮ বছর ধরে তিনি বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এটাই জনগণের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে, তা ছিল ভয়াবহ। সেই কালো সময়ের রেশ এখনো পুরোপুরি কাটেনি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মতপ্রকাশের কারণে কাউকে জীবন দিতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সম্পাদক ও শীর্ষ সাংবাদিকদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেলসহ দলটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









