জাতীয়
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং কঠোরভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা গভীরভাবে দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তা দৃশ্যমান হবে।” মন্ত্রী বলেন, “তারা অত্যন্ত উদ্ধত আচরণ করেছে এবং দুঃসাহস দেখিয়েছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময় দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের একটি প্রবণতা তৈরি হয়েছিল। জঙ্গল সলিমপুরকে একসময় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে দেখা হতো উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি জানান, সেখানে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা সমাধান করা হয়। কিছু স্থানে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটলেও তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং জাতীয় পর্যায়ে উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিনে জঙ্গল সলিমপুরে হামলার প্রসঙ্গে বক্তব্য দেন মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, র্যাব ও পুলিশের বিশেষ ক্যাম্পে সরাসরি হামলা হয়নি, তবে নতুন একটি বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগের সময় অতর্কিত হামলার ঘটনা ঘটে।
র্যাব মহাপরিচালক বলেন, “ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এমন ভাবার সুযোগ নেই। কিছু অসাবধানতা ছিল, তবে তারা কোনোভাবেই আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসীদের এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








