জাতীয়
খালেদা জিয়ার মৃত্যুর দায় ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনমূলক ও সাজানো রায়ের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। কারাবন্দি অবস্থায় তাঁকে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়। এমনকি আপিল বিভাগের রায়েও একাধিকবার বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে সাজা দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, এই অবিচার না হলে হয়তো আমরা বেগম জিয়াকে এত দ্রুত হারাতাম না। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তাঁর মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে সরকার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করত। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা যদি বেগম জিয়াকে আর এক-দুই বছর সময় পেতাম, তাহলে হয়তো কিছু করা যেত। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা নিয়েই।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জানাজা ও দাফনের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় কথা হয়েছিল। “এই জাতির জন্য এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বেগম জিয়ার উপস্থিতি খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ে তাঁর অবস্থান চিরস্থায়ী হয়ে থাকবে,” বলেন তিনি। একই সঙ্গে তিনি জানাজায় শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মন্ত্রিপরিষদ সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








