আন্তর্জাতিক


ট্রাম্প কেন হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার

ট্রাম্প কেন হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন

ইরানের সঙ্গে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হওয়ার দাবি করে হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

 

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

 

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত করার সুযোগ তৈরি হওয়ায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ বহাল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি লেখেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি, নৌ অবরোধ সম্পূর্ণভাবে বহাল থাকবে। তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব হয় কি না, তা দেখা যায়।”

 

ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজে মার্কিন অভিযানের কাঠামো ও লক্ষ্য তুলে ধরেন।

 

গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। এর আওতায় হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের তেল ও পণ্যবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে প্রণালি পার করে দেওয়ার উদ্যোগ নেয় মার্কিন বাহিনী।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে পরিস্থিতি দ্রুত বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে এবং তেলের দাম বেড়ে যায়।

 

ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। বুধবার সকাল পর্যন্ত মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

 

এদিকে, ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে ইরান জলমাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগতির ছোট নৌযান মোতায়েনের হুমকি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ আরোপ এবং বাণিজ্যিক জাহাজের জন্য সামরিক নিরাপত্তা ব্যবস্থা চালু করে।

 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে তারা ইরানের কয়েকটি ছোট নৌযান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।

 

একই দিনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, “অভিযান এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা আর পরিস্থিতি জটিল হোক, তা চাই না।”

 

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হামাস ও হিজবুল্লাহকে সমর্থনের জবাব হিসেবেই এ সামরিক অভিযান চালানো হয়েছে।

 

অন্যদিকে ইরান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তেহরান বলছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার রাখে এবং নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটির সদস্য হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার।

 

এদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তানসহ কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এক দফা সরাসরি আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এখনো চলমান রয়েছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক রাজনীতিআন্তর্জাতিক খবর

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।