আন্তর্জাতিক


খ্রিস্টানপ্রধান কলম্বিয়ায় সংখ্যালঘু মুসলমানদের রমজান কেমন কাটছে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার

খ্রিস্টানপ্রধান কলম্বিয়ায় সংখ্যালঘু মুসলমানদের রমজান কেমন কাটছে

ছবি: সংগৃহীত


খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক ২ শতাংশেরও কম। দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ খ্রিস্টান। শহরের কেন্দ্রজুড়ে গির্জার ঘণ্টাধ্বনি শোনা গেলেও এর মাঝেই ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে মুসলিম সম্প্রদায়। স্থানীয় ইসলামিক কেন্দ্রগুলোর হিসাব অনুযায়ী, দেশটিতে মুসলমানের সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার। তবে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, আরব বংশোদ্ভূত অভিবাসীদের অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা এক লাখ পর্যন্ত হতে পারে।

 

সংখ্যায় অল্প হলেও কলম্বিয়ার মুসলিম সমাজে রয়েছে বিস্ময়কর বৈচিত্র্য কেউ বহু প্রজন্মের অভিবাসী, কেউ আবার ধর্মান্তরিত মুসলমান।

 

রমজান শুরুর আগে বোগোতা ও মেডেলিনের মতো শহরে মসজিদগুলো আলোকসজ্জা ও ব্যানারে সাজানো হয়। মেডেলিনের বেলেন এলাকার একটি ছোট মসজিদের সামনে সোনালি অক্ষরে লেখা থাকে ‘রমজান কারিম’।

 

মেডেলিনের এক মসজিদের ইমাম মুতাসিম আবদো জানান, এখানে কলম্বিয়ান ছাড়াও ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলমানরা নামাজ আদায় করেন। চার বছর আগে মিসর থেকে আসা এই ইমামের মতে, সংখ্যায় কম হওয়ায় অনেক অভিবাসী নিজ দেশের রমজানের জাঁকজমক মিস করেন।

 

২৩ বছর আগে পাকিস্তান থেকে আসা রানা আরিফ মোহাম্মদ শুরুতে একাকিত্ব অনুভব করলেও এখন পরিস্থিতি বদলেছে। তার ভাষ্য, মেডেলিনে এখন অন্তত পাঁচটি মসজিদ রয়েছে।

 

২০২০ সালে সীমান্ত শহর মাইকাওতে দেশটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। লাতিন আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সূচনা মূলত অটোমান সাম্রাজ্যের পতনের পর। ১৯৭০-এর দশকে লেবাননের গৃহযুদ্ধের সময় বিপুলসংখ্যক লেবানিজ কলম্বিয়ায় আশ্রয় নেন। তাদের অনেকেই মাইকাওতে বসতি স্থাপন করেন, যেখানে ১৯৯৭ সালে নির্মিত হয় লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ মসজিদ।

 

বোগোতার কুরতুবি ইসলামিক সেন্টারের ইমাম শায়খ আহমাদ কুরতুবির মতে, তারাবির নামাজে ১০ থেকে ১৫টি দেশের মুসলমান একত্রিত হন। তার হিসাব অনুযায়ী, মুসল্লিদের মধ্যে ১০০ থেকে ২০০ জন নতুন ধর্মান্তরিত মুসলমান।

 

ভিন্ন সাংস্কৃতিক পটভূমির কারণে একটি সুসংহত কমিউনিটি গড়া সহজ নয়। তবু এই বৈচিত্র্যই কলম্বিয়ার রমজানকে অনন্য করে তুলেছে। ইফতারে এখানে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি মরক্কো, পাকিস্তান কিংবা খাঁটি কলম্বিয়ান পদও থাকে। প্রতিদিন ভিন্ন পরিবার ইফতারের আয়োজন করে।

 

সিরীয় বংশোদ্ভূত আলেম শায়খ আহমদ তাইয়েল ও তার স্ত্রী ইফতারে কলম্বিয়ার ঐতিহ্যবাহী ‘আজিয়াকো সান্তাফেরেনো’ স্যুপ পরিবেশন করেন তিন ধরনের আন্দিজ আলু, মুরগি, ভুট্টা ও অ্যাভোকাডো দিয়ে তৈরি এ খাবার যেন তাদের দুই ভুবনের সেতুবন্ধন।

 

১৯৯২ সালে সিরিয়ার নিপীড়ন থেকে পালিয়ে কলম্বিয়ায় আশ্রয় নেন শায়খ তাইয়েল। তখন বোগোতায় মুসলমানরা ছোট একটি ঘরে নামাজ আদায় করতেন। তার নেতৃত্বে ১৫ বছর আগে বোগোতার ৮০ নম্বর স্ট্রিটে নির্মিত হয় আবু বকর সিদ্দিক মসজিদ। ঈদের দিনে এখানে প্রায় ৩০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

 

মসজিদটি এখন শুধু ইবাদতের স্থান নয়, বরং একটি সামাজিক কেন্দ্র। প্রায় ৪০ শতাংশ মুসল্লি ধর্মান্তরিত। তাদের একজন সিলভিয়া আলাগুনা জানান, জীবনের নানা প্রশ্নের উত্তর তিনি ইসলামে খুঁজে পেয়েছেন।

 

শায়খ তাইয়েলের মতে, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি সামাজিক ন্যায়বিচারের চর্চার সময়। যাকাতের অর্থ দিয়ে প্রতিবেশী ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

গত বছর মসজিদের ইফতার আয়োজনে ক্যাথলিক, ইহুদি, ইভানজেলিক্যাল ও মরমন ধর্মীয় নেতারা একসঙ্গে অংশ নেন। সেই সন্ধ্যায় এক বাটি কলম্বিয়ান স্যুপের মাধ্যমে ধর্মের সীমা ছাড়িয়ে প্রতিষ্ঠিত হয় পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা।

 

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরকলম্বিয়ারমজান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।