আন্তর্জাতিক


ইরানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড: স্বজনকে শেষবিদায় জানাতে ‘১০ মিনিট’ সময় পেয়েছেন এরফান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার

ইরানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড: স্বজনকে শেষবিদায় জানাতে ‘১০ মিনিট’ সময় পেয়েছেন এরফান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহত তরুণের নাম এরফান সোলতানি (২৬)। আজ বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারকে তাঁর সঙ্গে শেষ দেখা করার জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (IHR) জানিয়েছে, গত ৮ জানুয়ারি ইরানের কারাজ শহরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় এরফানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পরিবারের সঙ্গে দেখা করার জন্য অল্প সময়ের সুযোগ দেওয়া হয়। ওই সময় নিরাপত্তা কর্মকর্তারা স্বজনদের স্পষ্টভাবে জানিয়ে দেন, এটিই হবে এরফানের সঙ্গে তাঁদের শেষ দেখা। এরপরই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

 

আইএইচআর-এর দাবি, চলমান বিক্ষোভে আটক ব্যক্তিদের মধ্যে এরফান সোলতানিই প্রথম, যাঁর মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে, এরফানকে কোনো আইনজীবীর সহায়তা বা ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়নি। কোনো স্বচ্ছ বিচার ছাড়াই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।

 

এরফানের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র ইরানওয়্যারকে জানান, পরিবারের এক নিকটাত্মীয় আইনজীবী তাঁর পক্ষে মামলায় লড়াই করতে চাইলেও নিরাপত্তা বাহিনী তাঁকে হুমকি দিয়ে সরে যেতে বাধ্য করে। সূত্রের ভাষ্য, নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘পর্যালোচনার মতো কোনো নথি নেই। বিক্ষোভে গ্রেপ্তার হওয়া সবার জন্যই মৃত্যুদণ্ড নির্ধারিত।’

 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এরফানের পরিবারকে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলা বা প্রকাশ্যে প্রতিবাদ জানানো থেকেও কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে পরিবারের সদস্যদের গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ইউএস সান জানিয়েছে,

এরফানের বিরুদ্ধে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ (মোহারেবেহ) করার অভিযোগ আনা হয়েছে। ইরানের আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড।

 

এদিকে ইরানজুড়ে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে সীমিত থাকায় এরফানের মৃত্যুদণ্ড সংক্রান্ত তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে একাধিক মানবাধিকার সংগঠন বলছে, সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে।

 

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, এই সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ থেকে ২ হাজারের মধ্যে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ইরান সরকার এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধনের অভিযোগ তুলেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইরানি শাসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।


সম্পর্কিত

ইরানমৃত্যুদণ্ডসরকারবিরোধী বিক্ষোভ

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।