আন্তর্জাতিক


২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৮ সাংবাদিক নিহত, সবচেয়ে ভয়ংকর অঞ্চল গাজা: আইএফজে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার

২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৮ সাংবাদিক নিহত, সবচেয়ে ভয়ংকর অঞ্চল গাজা: আইএফজে

২০২৫ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১২৮ জন সাংবাদিক। বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (আইএফজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত সাংবাদিকদের বড় একটি অংশের মৃত্যু হয়েছে পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে।

 

আইএফজে জানায়, মোট নিহত সাংবাদিকের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। এ কারণে ২০২৫ সালে সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়ংকর স্থান হিসেবে ফিলিস্তিনকে চিহ্নিত করেছে সংগঠনটি। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেও মিডিয়া পেশাজীবীদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

আঞ্চলিক হিসাব অনুযায়ী, আফ্রিকায় এক বছরে ১৮ জন, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫ জন, আমেরিকায় ১১ জন এবং ইউরোপে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানো সাংবাদিকের সংখ্যা ৯ জন। নিহতদের মধ্যে নারী সাংবাদিক রয়েছেন ১০ জন।

 

প্রতিবেদনে ভারতের চারজন সাংবাদিকের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউটিউব চ্যানেল ‘বাস্টার জাংশন’-এর সাংবাদিক মুকেশ চন্দ্রকর। গত বছরের ১ জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন করায় তাঁকে হত্যা করা হয় বলে জানায় আইএফজে।

 

এদিকে, সাংবাদিক নিপীড়নের আরেকটি ভয়াবহ চিত্র তুলে ধরে আইএফজে জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা ২৭৭ জন, যা সর্বোচ্চ। শুধু চীনেই বন্দি রয়েছেন ১৪৩ জন সাংবাদিক, আর মিয়ানমারে এ সংখ্যা ৪৯ জন।

 

এর আগে ২০২৪ সালে আইএফজে জানিয়েছিল, সে বছর ১২২ জন সাংবাদিক নিহত এবং ৫১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

 

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘ক্রমাগত ব্যর্থতা’র তীব্র নিন্দা জানিয়েছে আইএফজে। সংগঠনটি সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, “এক বছরে ১২৮ জন সাংবাদিক নিহত হওয়া কোনো সাধারণ পরিসংখ্যান নয় এটি একটি গভীর বৈশ্বিক সংকটের প্রতিফলন।”

 

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০২৫ সালে শুধু মধ্যপ্রাচ্যেই ৭৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে আল–জাজিরার সাংবাদিক আনাস আল–শরিফের হত্যাকাণ্ডকে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে আখ্যায়িত করেছে আইএফজে।


সম্পর্কিত

সাংবাদিকগাজা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এই আদেশে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেন, হাইকোর্টের রায়ে সংশোধনের প্রয়োজন ছিল।

জাপানকে যেভাবে গুপ্তচরদের ঘাঁটি বানিয়েছে রাশিয়া: নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান

ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য আহরণের উদ্দেশ্যে জাপানকে কার্যত গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। জাপানের গুপ্তচরবৃত্তিবিষয়ক আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উভয় পক্ষের সামরিক অভিযানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি ড্রোনবহর ধ্বংস করেছে। তবে এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলার কথা জানিয়েছে।

বিয়েতে খাসির বদলে মুরগি, বর-কনে পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

বিয়ের ভোজে খাসির মাংস পরিবেশনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু খাবারের টেবিলে গিয়ে দেখা গেল, খাসির বদলে পরিবেশন করা হয়েছে মুরগির মাংস। আর এতেই শুরু হয় বর ও কনেপক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, যা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।