দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অর্থ লেনদেন করতে পারবেন। ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠানোর ক্ষেত্রে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।
এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমানো এবং লেনদেন আরও দ্রুত ও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আসার সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতেই এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে গ্রাহকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের জটিলতা কমবে এবং নগদ টাকা উত্তোলনের প্রয়োজনীয়তাও হ্রাস পাবে।
তিনি জানান, আইআইপিএস চালু হলে গ্রাহকরা নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় নিরাপত্তা ও অর্থ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হবে।
বর্তমানে দেশের ডিজিটাল লেনদেন অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কাজ করছে। ২০১২ সাল থেকে এ ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ রয়েছে।
তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনা ছিল।
তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এ কারণে সব আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
রেমিট্যান্স লেনদেনেও আসতে পারে পরিবর্তন
আইআইপিএস শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনেই নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) একটি গবেষণা উদ্যোগ শুরু করেছে। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে এ খাত থেকে। তাই রেমিট্যান্স আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
তবে আন্তর্জাতিক লেনদেন চালু করতে বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।
ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও সুবিধা
নতুন এ ব্যবস্থা কার্যকর হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমতে পারে।
অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।
তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর।
সংশ্লিষ্টদের আশা, আগামী বছরের জুলাইয়ে আইআইপিএস চালু করা সম্ভব হলে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার পাশাপাশি আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।









