সারাদেশ
রোজার প্রথম দিনেই জমজমাট চকবাজার, ইফতারির স্বাদে উপচে পড়া ভিড়
.jpg)
ছবি: সংগৃহীত
রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার। প্রতিবছরের মতো এবারও ইফতারের স্বাদ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রোজাদাররা। প্রায় ৪০০ বছরের ঐতিহ্য বহন করা এই বাজার এখনো বৈচিত্র্যময় ইফতারির জন্য অন্যতম আকর্ষণ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, জোহরের নামাজের পর থেকেই সার্কুলার রোডজুড়ে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। হাঁকডাকে মুখর পুরো এলাকা। দুপুর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ততই বাড়ে ক্রেতার সংখ্যা।
পাড়া-মহল্লায় যেখানে ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ইফতারের প্রধান উপকরণ, সেখানে চকবাজারের ইফতারি বাজার আলাদা স্বাদ ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে প্রায় ১০০ রকমের ইফতারি আইটেম। এর মধ্যে জনপ্রিয় ‘বড় বাপের পোলায় খায়’ বিশেষভাবে আকর্ষণীয়।
বাজারে চিকেন আচারি (১২০ টাকা), শাহী রুটি (৮০-১০০ টাকা), দই বড়া (৫ পিস ২০ টাকা), চিকেন সাসলিক (৮০ টাকা), তন্দুরি চিকেন (১০০ টাকা), শাহী পরোটা (৬০-৮০ টাকা), খাসির লেগপিস (৯০০ টাকা), কোয়েল পাখি (৯০ টাকা), সমুচা (২০ টাকা), সুতি কাবাব (কেজি ১৬০০ টাকা), শাহী জিলাপি (কেজি ৩০০ টাকা) ছাড়াও ছোলা, মুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ও ঘুঘনি ৫ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
চকবাজারের অন্যতম আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’ প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ঢুকলেই শোনা যায় পরিচিত ছন্দ, “বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়।”
এই খাবারটি মূলত মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল, মাংসের কিমা ও বিশেষ মসলা দিয়ে তৈরি। বৈচিত্র্যময় স্বাদের কারণে এটি রোজাদারদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে।
বিক্রেতা মোহাম্মদ বলেন, “ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এই আইটেম কিনতে আসেন। ১২ ধরনের উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়। গত বছরের মতো এবারও কেজি ৮০০ টাকায় বিক্রি করছি।” আরেক বিক্রেতা মোশাররফ জানান, রোজার প্রথম দিনেই বাজার জমে উঠেছে। মানসম্মত ইফতারি বিক্রির চেষ্টা করছেন তারা।
চকবাজারের অধিকাংশ ব্যবসায়ী বংশপরম্পরায় এ ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও রমজান মাসে এখানে ইফতারি বিক্রি করেন। পুরান ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে ইফতার কিনতে আসেন।
মগবাজার থেকে আসা ক্রেতা মো. শামীম বলেন, “প্রতি বছর রোজায় এখানে ইফতার কিনতে আসি। প্রথম রোজায় এখান থেকেই কিনলাম।” খিলগাঁওয়ের তাহেরুল বলেন, “চকবাজারে এমন অনেক মুখরোচক আইটেম পাওয়া যায়, যা অন্যত্র সচরাচর পাওয়া যায় না। তবে অনেক ইফতার খোলা অবস্থায় বিক্রি হয় এ বিষয়ে বিক্রেতাদের সচেতন হওয়া দরকার।”
রমজানের প্রথম দিনেই উপচে পড়া ভিড় প্রমাণ করে, ঐতিহ্য আর স্বাদের টানে চকবাজার এখনো রোজাদারদের প্রিয় ঠিকানা।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









