সারাদেশ


শেরপুরে ধানের শীষের এজেন্টকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার

শেরপুরে ধানের শীষের এজেন্টকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়া । ছবি: দূরবিন নিউজ


শেরপুরে বিএনপির প্রার্থীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে পথরোধ করে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়া (৩৫) বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

রাসেল শেরপুর-১ (সদর) আসনের হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল অভিযোগ করে বলেন, ‘আমি বিএনপি করি এবং ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম। এ কারণেই জামায়াতের কর্মী-সমর্থকরা আমার ওপর হামলা চালিয়েছে। স্থানীয় জামায়াত সমর্থক কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইয়ের নেতৃত্বে ১২-১৩ জন আমাকে মারধর করে।’

 

তিনি আরও জানান, ‘একটি মোটরসাইকেলে তিনজন আমার পিছু নেয়। তারা ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। সেখানে আরও ৮-৯ জন ছিল। আমি প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও গিয়ে আমাকে মারধর করা হয়।’

 

ঘটনার পর শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ দলের নেতারা হাসপাতালে গিয়ে আহতের খোঁজ নেন।

 

সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম অভিযোগ করেন, ‘জামায়াতের এমপি রাশেদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

 

এ বিষয়ে বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাও ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পর্কিত

সারাদেশজামায়াত কর্মীধানের শীষশীষের জয়

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।