সারাদেশ
২৫ বছর পর নিজ গ্রামে ফিরলেন ভারতে পাচার হওয়া রেজাউল

মো. রেজাউল ইসলাম । ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজ গ্রামে ফিরেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল ইসলাম। আড়াই দশক আগে হারিয়ে যাওয়া টগবগে যুবক রেজাউল যখন প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে পৌঁছে বাড়ির মাটিতে পা রাখেন, তখন পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবার ও এলাকাবাসীর চোখে ছিল আনন্দের অশ্রু।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হন মো. কুদ্দুস মিয়ার ছেলে রেজাউল। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল।
রেজাউলের ভাষ্য অনুযায়ী, তাকে ফুসলিয়ে সীমান্ত পার করে ভারতে পাচার করা হয়। সেখানে একটি দুর্গম এলাকায় গরুর খামারে তাকে বন্দি করে রাখা হয়।
তিনি জানান, ওই খামারে তাকে অমানবিক পরিশ্রম করানো হতো। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় কাজ করলেও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। বিনিময়ে কেবল তিন বেলা খাবার দেওয়া হতো। পালিয়ে যাওয়ার সুযোগ না দিতে তাকে কড়া পাহারায় রাখা হতো। কার্যত দাসের মতো জীবন কাটাতে বাধ্য হন তিনি।
সম্প্রতি সুযোগ বুঝে খামার থেকে পালিয়ে আসতে সক্ষম হন রেজাউল। সীমান্ত এলাকায় পৌঁছে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের কাছে নিজের করুণ কাহিনি তুলে ধরেন এবং বাংলাদেশে ফেরার আকুতি জানান।
রেজাউলের দাবি, পাসপোর্ট-ভিসা না থাকায় আইনি জটিলতার কথা জানালেও বিএসএফ সদস্যরা মানবিক আচরণ করেন। তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে দেখিয়ে এবং কিছু অর্থ দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করে দেন।
দীর্ঘ আড়াই দশক পর বাড়ি ফেরায় বাদিয়ারছড়া গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাবা কুদ্দুস মিয়া ও পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় হারিয়ে ফেলেছিলেন।
রেজাউলকে এক নজর দেখতে গ্রামে ভিড় করছেন উৎসুক মানুষ। হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারটির ঘরে এখন যেন ঈদের আনন্দ বইছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









