নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা অবরোধ শুরু করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে একপর্যায়ে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
আহত দুই শ্রমিক, একজন ঢাকা মেডিক্যালে
আহত শ্রমিকেরা হলেন স্টারলিং স্টাইল কারখানার আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, দুজনই রাবার বুলেটের আঘাত নিয়ে হাসপাতালে আসেন। মাথায় আঘাত থাকায় রাফিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তবে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিল্প পুলিশের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মোতায়েন পুলিশ ও বিজিবি
অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে কয়েক প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে নিউএইজ গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।









