বাংলাদেশ


কমছে না হামের প্রকোপ, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার

কমছে না হামের প্রকোপ, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ব্যাপক টিকাদান কর্মসূচি বাস্তবায়নের দাবি করলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু টিকার আওতায় আনা হলেও প্রতিদিন হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

 

সাধারণত হামের টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার কথা। কিন্তু টিকাদান কার্যক্রম শেষ হওয়ার ছয় থেকে সাত সপ্তাহ পরও সংক্রমণ কমার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। ফলে ভ্যাকসিনের কার্যকারিতা, সংরক্ষণ ব্যবস্থা এবং টিকাদানের প্রকৃত কভারেজ নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

চলতি বছরের ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি শিশু টিকার আওতায় এসেছে।

 

তবে জনস্বাস্থ্যবিদদের মতে, কাগজে-কলমে শতভাগ কভারেজ দেখালেও বাস্তবতা ভিন্ন হতে পারে। সাবেক রোগনিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, প্রকৃতপক্ষে কত শিশু টিকা পেয়েছে এবং তাদের শরীরে কতটুকু অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা যাচাই না করলে সফলতার দাবি অর্থহীন হয়ে পড়ে।

 

তিনি মনে করেন, অনেক এলাকায় প্রকৃত শিশুসংখ্যার তুলনায় কম লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। ফলে সরকারি হিসাব অনুযায়ী শতভাগ কভারেজ অর্জিত হলেও উল্লেখযোগ্যসংখ্যক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে। এতে হার্ড ইমিউনিটি তৈরি না হওয়ায় সংক্রমণ অব্যাহত থাকে।

 

ভ্যাকসিন বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম বারীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, টিকা দেওয়া হয়েছে বললেই হবে না, টিকা গ্রহণকারী শিশুদের শরীরে কার্যকর রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না, তা রক্ত পরীক্ষা করে নিশ্চিত করতে হবে। অথচ এখন পর্যন্ত এমন কোনো মূল্যায়ন কার্যক্রম শুরু হয়নি।

 

বিশেষজ্ঞদের আরেকটি বড় উদ্বেগের জায়গা হলো কোল্ড চেইন বা নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা। তাদের মতে, টিকা উৎপাদন থেকে প্রয়োগ পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রা নিশ্চিত না হলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে দীর্ঘদিন সংরক্ষিত টিকা প্রত্যন্ত অঞ্চলে পরিবহনের সময় তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশীদ বলেন, টিকা নেওয়া শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা এখনো পরীক্ষা করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪১১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।

 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৫০৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গে মোট ৬১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯১ জনের হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি ৫১৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়ন, প্রকৃত কভারেজ যাচাই এবং সংরক্ষণ ব্যবস্থার নিরপেক্ষ তদন্ত জরুরি। অন্যথায় টিকাদান কর্মসূচির পরও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়তে পারে।

 
 
 

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু, দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের সুযোগ

হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড ব্যবসায়িক অংশীদার ও খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আপনজন-০১ চালু করেছে। ৩ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ধাপ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

মুজিবুল হকের উত্থানের নেপথ্যে কী? ‘আমেরিকান ডাক্তার’ পরিচয়, চিকিৎসা সাম্রাজ্য ও বিতর্কের অনুসন্ধান

রাজধানী ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত “আমেরিকান ওয়েলনেস সেন্টার” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্টেম সেল থেরাপি, অল্টারনেটিভ মেডিসিন এবং ফাংশনাল মেডিসিনের আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে পরিচিত প্রফেসর ড. এম মুজিবুল হক নিজেকে দীর্ঘদিন ধরে ‘আমেরিকান বোর্ড সার্টিফায়েড ডাক্তার’, ‘ফাইভ স্টার প্রফেসর’ এবং আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে প্রচার করে আসলেও, অনুসন্ধানে উঠে এসেছে তার পরিচয়, চিকিৎসা যোগ্যতা, স্টিমসেল ব্যবসা এবং রোগীদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বিস্ময়কর সব প্রতারণার তথ্য।

ইসলামী ব্যাংককে বাঁচাতে দ্রুত উদ্যোগ চাইলেন শফিকুর রহমান

জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং খাতের ওপর আস্থা কমে যেতে পারে এবং এর নেতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়বে। একই সঙ্গে ব্যাংকটির প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন, বাড়ছে আধুনিক ব্যাংকিং সেবার পরিধি

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২৩৬তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আরও সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যেই নতুন এই শাখা চালু করা হয়েছে।