প্রযুক্তি
স্মার্ট টেকনোলজিসের এমডির বিরুদ্ধে বিদেশে গোপন কোম্পানি ও অর্থপাচারের অভিযোগ

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একাধিক কোম্পানি প্রতিষ্ঠা এবং বিদেশে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও তার ভাই মাঝহারুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ ও সেখান থেকে অর্জিত আয়ের কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নথিতে নেই।
একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় এক বছর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান শুরু করলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালে সিঙ্গাপুরে ‘স্টারসিড টেকনোলজি’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন জহিরুল ইসলাম ও মাঝহারুল ইসলাম। প্রতিষ্ঠানটির প্রাথমিক মূলধন ছিল ৬০ লাখ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সিঙ্গাপুরে প্রযুক্তিপণ্য সরবরাহের ব্যবসা পরিচালনা করা হচ্ছে এবং দুই ভাইয়ের মালিকানা সমান। সিঙ্গাপুরের সরকারি নথি অনুযায়ী, কোম্পানিটি তুরস্কের নাগরিক পরিচয় ব্যবহার করে নিবন্ধিত হয়েছে।
অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জহিরুল ইসলাম ও তার ভাইয়ের নামে আরও দুটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ‘সিমাল টেকনোলজি মিডল ইস্ট’ ২০০২ সালে নিবন্ধিত হয়। কোম্পানিটিতে জহিরুল ইসলামের মালিকানা ১৫ শতাংশ এবং মাঝহারুল ইসলামের মালিকানা ৮৫ শতাংশ। প্রতিষ্ঠানটির ব্যবসা আফ্রিকাসহ তিনটি মহাদেশে বিস্তৃত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ‘টুইনমস টেকনোলজি মিডল ইস্ট’ নামে আরেকটি প্রতিষ্ঠান ২০০১ সালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রি-জোন এলাকায় প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রমও বিভিন্ন দেশে বিস্তৃত।
বিদেশে এসব বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জহিরুল ইসলাম বা তার প্রতিষ্ঠানের নামে বিদেশে ব্যবসা পরিচালনার কোনো অনুমোদনের তথ্য তাদের কাছে নেই।
একই সঙ্গে আয়কর নথিতেও বিদেশি কোম্পানিগুলো থেকে অর্জিত আয়ের কোনো হিসাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জহিরুল ইসলাম কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থপাচারের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগও অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, জহিরুল ইসলামের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে গত বছরের মার্চ মাসে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা অবসরে যাওয়ার পর তদন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
জনপ্রিয়
সর্বশেষ
প্রযুক্তি থেকে আরও পড়ুন
যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অবশেষে Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google, থাকবে আগের সব ডেটা
দীর্ঘদিনের অপেক্ষার পর Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google। নতুন ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে Gmail অ্যাড্রেস বদলানো গেলেও ইমেইল, Google Drive, Photos, YouTube ও অন্যান্য সব ডেটা আগের মতোই অক্ষত থাকবে। বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আউটসোর্সিং নয়, এবার গ্লোবাল এন্টারপ্রাইজ এআই কোম্পানি গড়ছে বাংলাদেশের বেটোপিয়া
গত এক দশক ধরে বাংলাদেশ পরিচিত ছিল একটি আউটসোর্সিং গন্তব্য হিসেবে। কিন্তু মুহাম্মদ মনির হোসেনের বিশ্বাস, দেশের পরবর্তী অধ্যায় হবে একেবারে ভিন্ন, আউটসোর্সিং নয় বরং বিশ্বমানের এন্টারপ্রাইজ প্রযুক্তি কোম্পানি গড়ে তোলা, যেগুলো উদ্ভাবন, সক্ষমতা আর স্কেলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে। এই ভাবনাকেই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা তার প্রতিষ্ঠিত বেটোপিয়া গ্রুপ।

বিশ্বকাপের আবহে সাংবাদিকদের নিয়ে ‘টেকনো ফুটবল নাইট’ আয়োজন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে ঘিরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সম্মানে ‘টেকনো ফুটবল নাইট’ আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। অনুষ্ঠানে টেকনো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।








