রাজনীতি


ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে সরকারের বহুমাত্রিক পরিকল্পনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী লিখিত প্রশ্নোত্তর উত্থাপনের পর প্রধানমন্ত্রী সম্পূরক প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেন।

 

প্রধানমন্ত্রী জানান, ঢাকা শহরকে ‘ক্লিন’ ও ‘গ্রিন’ নগরীতে পরিণত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সড়কের মিডিয়ান, দ্বীপ ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কোরিয়াভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক সার্কুলার ইকোনমিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে, যেখানে ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নগর বনায়নের অংশ হিসেবে মিয়াওয়াকি পদ্ধতিতে বনসৃজন, মিডিয়ান সবুজায়ন এবং আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেলের নিচের ফাঁকা স্থান এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের এলাকাগুলোতেও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আধুনিক বাস সার্ভিস চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস সংযোজনের পরিকল্পনা রয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণকাজ ও নির্মাণসামগ্রীজনিত দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঢাকার চারপাশে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তিনি জানান, ঢাকার বায়ুদূষণ কমাতে সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে ইটভাটা পরিচালনা ও উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানায় ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং ইতোমধ্যে ২৪৮টি ইটিপি স্থাপন করা হয়েছে, যা আইপি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

ঢাকার নদী, খাল ও জলাশয় দূষণ রোধেও কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহানগরীর ১৯টি প্রধান খালের দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ব্যাপক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে রাজধানীমুখী জনস্রোত কমানোর বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দেশের সব সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় মানুষ এখানে আসতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প, শিক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

 

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন অবকাঠামো পরিকল্পনার প্রয়োজনীয়তা বাড়ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেক ক্ষেত্রে বিদ্যমান বাইপাসের পাশেই নতুন স্থাপনা গড়ে ওঠায় আবার নতুন বাইপাসের প্রয়োজন দেখা দিচ্ছে। তাই সব দিক বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ নগর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

 
 

সম্পর্কিত

প্রধানমন্ত্রী তারেক রহমানরাজধানীক্লিন–গ্রিন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।