রাজনীতি
জামায়াত প্রসঙ্গে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র উত্তেজনা

সংসদে জামায়াতে ইসলামীকে ঘিরে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে প্রায় ১০ মিনিট অধিবেশন কার্যক্রম বন্ধ থাকে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন ফজলুর রহমান। বক্তব্যে তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারে না; করলে তা “ডাবল অপরাধ” হিসেবে বিবেচিত হবে।
এ বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ ও হইচই শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারি দলের সদস্যরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার একাধিকবার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি।
উত্তেজনার মধ্যে স্পিকার দাঁড়িয়ে বলেন, “সারা জাতি সংসদের কার্যক্রম সরাসরি দেখছে। সংসদ যদি বিধি অনুযায়ী না চলে, তাহলে এর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।” তিনি আরও সতর্ক করে বলেন, সংসদের আচরণে ভবিষ্যৎ প্রজন্ম লজ্জিত হতে পারে।
বক্তব্য অব্যাহত রেখে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের তুলনার সমালোচনা করেন এবং বিরোধী দলকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। এতে উত্তেজনা আরও বাড়ে।
পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের জবাবে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ব্যক্তিগত পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলা অনুচিত এবং এটি অসংসদীয় আচরণ। তিনি ওই বক্তব্যের আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
পরিস্থিতি শান্ত করতে স্পিকার ঘোষণা দেন, কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা পরীক্ষা করে কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে তিনি সদস্যদের যুক্তির মাধ্যমে মতবিরোধ উপস্থাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, এদিন অধিবেশনে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়। তবে জামায়াত প্রসঙ্গকে ঘিরেই সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় সংসদে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









