রাজনীতি
সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা দিল জামায়াতের মহিলা বিভাগ, আলোচনায় যাঁরা

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আগামী মার্চের ১০ থেকে ১২ তারিখের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে। এর আগেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে তৎপর হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হওয়ায় দলটি সংরক্ষিত ৫০টির মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১১টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১টি আসন। বাকি তিনটি আসন স্বতন্ত্র ও ছোট দলগুলোর মধ্যে বণ্টিত হবে।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্ধারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মহিলা বিভাগের কাছ থেকে পরামর্শ নিয়েছে। মহিলা বিভাগের সুপারিশকৃত তালিকা নিয়ে আলোচনা শেষে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন পেশাজীবী নারীদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের চিন্তাভাবনা চলছে।
মহিলা বিভাগের প্রস্তাবিত তালিকায় যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে আছেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. আমিনা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ডা. ফেরদৌস আরা খানম, ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ।
দলীয় সূত্রে আরও জানা গেছে, তরুণ ও দক্ষ বক্তাদেরও তালিকায় যুক্ত করা হতে পারে। পাশাপাশি বিগত সরকারের সময় বিতর্কিত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের পরিবারের সদস্যদের মধ্য থেকেও কয়েকজনের নাম বিবেচনায় আসতে পারে।
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দীকা বলেন, “আমরা পরামর্শ হিসেবে একটি তালিকা দিয়েছি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা চলছে। চূড়ান্ত তালিকা ঘোষণার পরই স্পষ্ট হবে সংসদে নারী প্রতিনিধিত্বে কোন কোন মুখ দেখা যাবে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









