রাজনীতি


পুরোনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে: এনসিপি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

পুরোনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে: এনসিপি

ছবি: দূরবিন নিউজ


টেলিভিশন সাংবাদিকদের শোকজ নোটিশ প্রদান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি মাহবুব মোর্শেদকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক দুটি ঘটনা ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতার পরিস্থিতি কেমন হতে পারে তার ইঙ্গিত বহন করছে।

 

এতে উল্লেখ করা হয়, গণভোট ও সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করায় ‘এখন টিভি’র চার সাংবাদিককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে বাসসের এমডি মাহবুব মোর্শেদকে পদ থেকে সরাতে একধরনের ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়। এনসিপির মতে, নতুন সরকার গঠনের এক দিনের মাথায় এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের মালিকদের ওপর চাপ প্রয়োগ এবং উচ্চপর্যায়ে দলঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে দলঘনিষ্ঠ ব্যক্তিদের বসানো হয়েছে, সেগুলোর অবস্থান ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করা হয়। দলটির অভিযোগ, সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় এবং দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতার বিরোধিতা করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

বাসসের এমডিকে অপসারণের প্রচেষ্টার প্রসঙ্গ টেনে এনসিপি বলেছে, অতীতে সংস্থাটি সরকারি দলের অঙ্গসংগঠনের মতো আচরণ করেছে এমন অভিযোগ ছিল; বর্তমান পরিস্থিতি সেই ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। বিএনপি সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের ‘কোণঠাসা করার চেষ্টা’ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি করছে বলে দাবি করে দলটি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে রক্তের মাধ্যমে অর্জিত মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার হারিয়ে যেতে দেওয়া হবে না।” স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের অবিলম্বে কর্মস্থলে ফিরিয়ে আনা এবং বাসসের এমডিকে স্বপদে বহাল রাখার দাবি জানানো হয়েছে।

 
 

সম্পর্কিত

বাসসএনসিপিসাংবাদিকস্বৈরাচার

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।