রাজনীতি


গোপন ‘ইসলামী সংগঠন’ থেকে জামায়াতের শীর্ষ নেতা: শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার

গোপন ‘ইসলামী সংগঠন’ থেকে জামায়াতের শীর্ষ নেতা: শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান ছাত্রজীবনে সিলেটের এমসি কলেজ (মুরারিচাঁদ কলেজ)–এ পড়ার সময় এক পর্যায়ে ‘গোপন’ ইসলামপন্থী সংগঠনের সংস্পর্শে আসেন। পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবিরে সক্রিয় রাজনীতি করে ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেন তিনি।

 

দলের ওয়েবসাইটে প্রকাশিত জীবনী অনুযায়ী, শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন বলে উল্লেখ আছে। তবে সে সময় জাসদের রাজনীতিতে সক্রিয় কয়েকজন নেতা দাবি করেছেন, তাঁর সক্রিয় সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট তথ্য তারা পাননি।

 

১৯৭৬ সালে এইচএসসি পাসের পর তিনি সিলেট মেডিকেল কলেজে (বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ) ভর্তি হন। ১৯৭৭ সালে তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং পরবর্তীতে সংগঠনটির সিলেট মেডিকেল কলেজ ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বরে দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর তরুণদের একটি বড় অংশের মতো তিনিও জাসদ ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সংগঠনের কিছু কর্মকাণ্ডে হতাশ হয়ে সরে যান।

 

তিনি জানান, কলেজ হোস্টেলে অবস্থানকালে একদল শিক্ষার্থীর মাধ্যমে একটি গোপন ইসলামি ছাত্রসংগঠনের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই তিনি নতুনভাবে সংগঠিত রাজনীতিতে যুক্ত হন।

 

১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন এবং ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। সিলেট শহর, জেলা ও মহানগর পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করে ১৯৯৮ সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হন। ২০১০ সালে তিনি সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

 

২০১১ সালে দলটির তৎকালীন নেতাদের গ্রেপ্তার ও দণ্ডের প্রেক্ষাপটে সৃষ্ট নেতৃত্বশূন্যতার সময়ে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। পরে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০১৯ সালের নভেম্বরে দলীয় রুকনদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো জামায়াতের আমির নির্বাচিত হন শফিকুর রহমান। পরবর্তীতে ২০২৩ ও ২০২৫ সালেও তিনি পুনর্নির্বাচিত হন।

 

জামায়াতের রাজনীতি পর্যবেক্ষকদের মতে, শফিকুর রহমানের নেতৃত্বে দলটি সাংগঠনিক গণ্ডি থেকে বেরিয়ে বৃহত্তর পরিসরে যাওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

 

দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বিবিসি বাংলাকে বলেন, “তিনি দলটিকে নির্দিষ্ট পরিমণ্ডলে আটকে না রেখে সব মহলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জামায়াতে ইসলামীর ইতিহাসে এটি একটি ভিন্ন মাত্রা।”

 

তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়েও বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন, স্বাধীনতার পর জামায়াত নিষিদ্ধ থাকায় অনেকেই ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে সক্রিয় হন।

 

ছাত্রজীবনের মতাদর্শিক সন্ধান থেকে শুরু করে সংগঠনের শীর্ষ নেতৃত্বে পৌঁছানো শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত অধ্যায়।

 

তথ্য সুত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত

ইসলামী সংগঠনশফিকুর রহমানজামায়াত

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।