রাজনীতি


ঢাকা–১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট নির্মূল করা হবে: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার

ঢাকা–১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট নির্মূল করা হবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। আজ রোববার ঢাকার মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এনসিপি–মনোনীত এবং ১১–দলীয় নির্বাচনী ঐক্য–সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় । ছবি: সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই আসনের অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক। উন্নয়ন না হওয়ার মূল কারণও রাজনৈতিক, আর সেই রাজনৈতিক সমস্যার নাম হলো ভূমিদস্যুতা। নির্বাচিত হলে ঢাকা–১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।

 

রোববার ঢাকার মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এনসিপি–মনোনীত এবং ১১–দলীয় নির্বাচনী ঐক্য–সমর্থিত প্রার্থী হিসেবে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

 

নাহিদ ইসলাম বলেন, গত ৩০ বছর ধরে এই এলাকায় ভূমি দখল, খাসজমি দখল, জলাশয় ভরাট ও নদী দখলের একটি সুসংগঠিত ইতিহাস রয়েছে। শত শত মানুষের জমি দখল হয়ে গেছে, শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। যাঁরা রাজনীতির মাঠে ছিলেন, তাঁরাই সরাসরি ভূমিদস্যু হিসেবে কাজ করেছেন কিংবা ভূমিদস্যুদের আশ্রয়–প্রশ্রয় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের স্থানীয় নেতারাই বছরের পর বছর ভাগ–বাঁটোয়ারা করে জমি দখল করেছে।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর একজন চলে গেছেন, আরেকজন তাঁর জায়গা নিয়েছেন। এই ‘এক্সচেঞ্জের’ মাধ্যমে তারা সব সময়ই জনগণের বিরুদ্ধে কাজ করে গেছে। ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার সুযোগ এসেছে।

 

নির্বাচিত হলে এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা–১১ আসন থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।

 

বক্তব্যের শুরুতে উপস্থিত জনতার প্রতি শুভেচ্ছা ও সালাম জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান। কোনো জাতীয় পর্যায়ের বক্তব্য দিতে আসেননি; বরং এলাকার মানুষের হয়ে কথা বলতে এসেছেন। তাঁর জন্ম ঢাকার বেরাইদে, শৈশব কেটেছে বাড্ডা–রামপুরা এলাকায়। ঢাকার এত কাছে থেকেও বাড্ডা–ভাটারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। অনেক এলাকায় ঢুকে মনে হয়, এটি ঢাকা নয়, যেন কোনো মফস্‌সল অঞ্চল।

 

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে বাড্ডা–রামপুরা ছিল আন্দোলন ও প্রতিরোধের অন্যতম ‘হটস্পট’। এই এলাকার মানুষ তখন জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছিল। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় কয়েক দিন তিনি এই আসনের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ঢাকা–১১ তাঁকে আশ্রয় দিয়েছে। জীবনের ২৮ বছরও এই এলাকা তাঁকে আগলে রেখেছে। এখন তিনি সেই ঋণ শোধ করতে চান।

 

ঢাকা–১১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এই আসনে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস থাকলেও ভোটার সংখ্যা সাড়ে চার লাখের মতো। এত ঘনবসতির পরও পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই। নেই পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও সরকারি হাসপাতাল। পুরো আসনে একটি সরকারি হাইস্কুলও নেই, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাত পুরোপুরি বেসরকারি খাতনির্ভর।

 

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ভাটারা–বাড্ডা এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ইনফরমাল ইকোনমির সঙ্গে যুক্ত ক্ষুদ্র ব্যবসা ও দিনমজুর শ্রেণির মানুষ। শিক্ষিত বেকারের হার ৮ থেকে ১০ শতাংশ। স্বাস্থ্য খাতের প্রায় শতভাগই বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

 

জলাবদ্ধতা ও ড্রেনেজ সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই এলাকার প্রায় ৬০ শতাংশ তলিয়ে যায়। বাড্ডার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে। বাকি অংশ অপরিকল্পিত নর্দমা ও খালের ওপর নির্ভরশীল। রামপুরা খাল, শাহজাদপুর খাল ও বালু নদ দখল ও ভরাটের ফলে পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়েছে।

 

সারা দেশে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু ঢাকা–১১ নয়, সারাদেশেই এই জোট জয়ী হবে। তিনি ভোটারদের আহ্বান জানান, ১২ ফেব্রুয়ারি দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ১১–দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে।

 
 

সম্পর্কিত

নাহিদ ইসলামএনসিপিসংসদ নির্বাচনরাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি–সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায়

ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। রোববার (৮ মার্চ) বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হবে। তাঁর এ বক্তব্যের পর থেকেই সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।

জবি ছাত্রদলের নতুন নেতৃত্বের দৌড়ে শাহরিয়ার,পরাগ ও রুমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে এসেছে তিন নেতার নাম তারা হলেন- মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)।

বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।