রাজনীতি
‘উইন্টার ইজ কামিং’: চট্টগ্রামে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, কে লাগাল—জানে না দল
.jpg)
ছবি: সংগৃহীত
জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার চট্টগ্রাম নগরীতে টানানো হয়েছে। ব্যানারগুলো নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় দেখা গেছে। বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ব্যাপক কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে।
ব্যানারগুলোতে শফিকুর রহমানকে তলোয়ার আকৃতির দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানারের ওপরের অংশে বড় করে লেখা ‘উইন্টার ইজ কামিং’। নিচের অংশে লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’। তবে এসব ব্যানারের সঙ্গে দলীয় বা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। সফরের ধারাবাহিকতায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ মোট পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এই সফরকে কেন্দ্র করেই ব্যানারগুলো টানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফ্যান পেজে এসব ছবি আগে থেকেই ঘুরছিল। সেখান থেকেই কেউ হয়তো উদ্যোগ নিয়ে ব্যানার ছাপিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘আমিরে জামায়াতের কিছু ভক্ত বা ফ্যান গ্রুপ আছে। তারা হয়তো নিজেদের আগ্রহ বা ক্রেইজ প্রকাশ করতে গিয়ে এমনটি করেছে। এর আলাদা কোনো রাজনৈতিক অর্থ আমি দেখি না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে খোঁজ করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়। সেখানে শফিকুর রহমানকে ঘিরে এ ধরনের নানা গ্রাফিক্স ও ছবি শেয়ার হচ্ছে। কেউ এসব ছবি আগ্রহ নিয়ে ছড়াচ্ছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সাংগঠনিকভাবে এমন কোনো ব্যানার লাগানোর সিদ্ধান্ত হয়নি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি মূলত এক ধরনের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়, যা সামনে আসন্ন সংকট ও বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। সেই জনপ্রিয় সংলাপ ও ভিজ্যুয়াল ধাঁচ ব্যবহার করে রাজনৈতিক ব্যানার তৈরি হওয়ায় এটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও আলোচনা আরও বেড়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









