রাজনীতি


ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন, শনিবার

ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

ছবি: সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রার্থী গ্যাস সংকট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মানসম্মত স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, আধুনিক শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সংসদ সদস্যের জবাবদিহিতাকে ইশতেহারের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

 

শনিবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ইশতেহার প্রকাশ করেন।

 

ইশতেহারে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, ঢাকা–৯ রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। গুলশান ও বনানীর মতো সমপরিমাণ কর ও বিল পরিশোধ করেও এখানকার বাসিন্দারা ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র এই এলাকার মানুষকে মূলত রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখছে, কিন্তু সেবার ক্ষেত্রে বৈষম্য করছে।

 

বর্তমান গ্যাস সংকটকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে তিনি বলেন, গ্যাস সংযোগ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে, যা অযৌক্তিক। এ বিষয়ে সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রণয়নের অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি এলপিজি সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু, বর্ষা শুরুর আগেই খাল ও নর্দমা পরিষ্কার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক নির্মাণকাজ শেষ করার বাধ্যবাধকতা নিশ্চিত করার কথা বলেন তিনি।

 

স্বাস্থ্যখাত প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, প্রায় ৭–৮ লাখ মানুষের জন্য একটি মাত্র বড় হাসপাতাল থাকা ‘নিষ্ঠুর কৌতুক’। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিককে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে একটি স্থায়ী ‘মশা নিধন টাস্কফোর্স’ গঠনের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

 

এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সন্ধ্যার পর অনেক এলাকায় নারী ও শিশুদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এজন্য স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকায় নিরাপদ করিডোর, পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি স্থাপনের কথা জানান। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

 

শিক্ষাখাতে ভর্তি বাণিজ্য ও ঘনঘন নীতি পরিবর্তনের সমালোচনা করে ডা. তাসনিম জারা বলেন, শিক্ষার্থীদের এখন ‘পরীক্ষার বস্তুতে’ পরিণত করা হয়েছে। নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোটা বা ব্যক্তিগত সুপারিশের সুযোগ না রাখার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি আধুনিক বিজ্ঞান ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, কোডিং ও এআই শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অভিভাবক–শিক্ষক ফোরাম গঠনের প্রতিশ্রুতি দেন।

 

কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে ‘স্টার্ট–আপ ঢাকা–৯’ নামে বিশেষ তহবিল, জামানতবিহীন ঋণ, ই-কমার্স প্রশিক্ষণ এবং কর্মজীবী নারীদের জন্য প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি ডে–কেয়ার সেন্টার চালুর ঘোষণাও রয়েছে ইশতেহারে।

 

ডা. তাসনিম জারা জানান, তিনি কোনো ‘অতিথি পাখি’ নন। নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় স্থায়ী কার্যালয় স্থাপন করবেন, যেখানে সন্ধ্যায়ও সাধারণ মানুষ সেবা ও পরামর্শ নিতে পারবেন। অভিযোগ নিষ্পত্তির জন্য একটি ‘ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড’ চালুর কথাও জানান তিনি।

 

ইশতেহারের শেষাংশে ভোটারদের উদ্দেশে ডা. তাসনিম জারা বলেন, এটি কেবল প্রতিশ্রুতির তালিকা নয়, বরং এলাকাবাসীর সঙ্গে তাঁর একটি চুক্তি। তিনি বলেন, “একজন ডাক্তার হিসেবে আমি জানি রোগ কোথায় এবং ওষুধ কী। এবার আমাকে সুযোগ দিন।”


সম্পর্কিত

তাসনিম জারাঢাকা–৯ আসনস্বতন্ত্র প্রার্থীনির্বাচন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।