রাজনীতি
সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, এদের মানুষ বলা ঠিক হবেনা: আমির হামজা

ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা সাংবাদিকদের একটি অংশকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না।”
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মুফতি আমির হামজা দাবি করেন, তার অভিভাবকের আকস্মিক বিদায়ের পেছনে একটি পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অকারেন্স’ ও ‘মব’ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করছে। এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকতার নামে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং পরিস্থিতি উসকে দিচ্ছে, তারা প্রকৃত সাংবাদিক নন বরং এই পেশার জন্য কলঙ্ক। এ সময় তিনি কালের কণ্ঠের কুষ্টিয়া ডিজিটাল প্রতিনিধির নাম উল্লেখ করে দাবি করেন, ২০১৯ ও ২০২৩ সালের কিছু কাটছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে সে বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানতে চেয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তির দাবিও জানানো হয়েছে।
আমির হামজা আরও অভিযোগ করেন, তার বিরোধিতাকারীরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো ভিডিও নতুনভাবে সম্পাদনা করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এবং কথাবার্তার আগে-পিছে জুড়ে দিয়ে মামলা সৃষ্টি করছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওই বক্তব্যের জন্য তিনি আগেই ক্ষমা চেয়েছেন এবং ভুল স্বীকার করেছেন। তিনি জানান, ২০২৬ সালেও তিনি আবারও সেই ভুল স্বীকার করছেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে বলেন, “ডা. মুরাদ হাসান জাইমা রহমান ও তারেক রহমানকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছিলেন, সে বিষয়ে গত কয়েক বছরে আপনারা একটি কথাও বলেননি।” এর মাধ্যমে কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে, তা তিনি বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন।
নারীদের ঝাড়ু মিছিল প্রসঙ্গে আমির হামজা বলেন, যারা এসব কর্মসূচি করাচ্ছেন, তাদের কি মা-বোন, মেয়ে বা স্ত্রী নেই। তিনি অভিযোগ করেন, নারীদের টাকা দিয়ে ভাড়া করে এসব মিছিলে নামানো হচ্ছে। লাইলা বেগম নামের এক নারীর উদাহরণ দিয়ে তিনি বলেন, “তিনশ টাকা নিতে গিয়ে এখন তিনি বিপদে পড়েছেন। এখন বলছেন কি করতে গেলাম আমি, ৩০ হাজার টাকা চলে যাবে।” তিনি জানান, ওই নারীর খোঁজ তিনি নিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো বক্তব্যটি একটি ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হলেও পরবর্তীতে ওই পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









