রাজনীতি
রাজনীতিতে নামছেন জাইমা রহমান
.webp)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন কি না এমন প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে বাবার সঙ্গে কিংবা বাবার প্রতিনিধি হিসেবে জাইমা রহমানের উপস্থিতি এই জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে।
এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান। একই বছর প্রবাসী ভোটাধিকার নিয়ে বিএনপির একাধিক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। সর্বশেষ, দাদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার পাশে দেখা যায় তাকে। এসব উপস্থিতিকে ঘিরেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন, পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক ধারাবাহিকতার অংশ হিসেবেই জাইমা রহমানের রাজনীতিতে আসা সময়ের দাবি হয়ে উঠছে।
বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার নতুন কিছু নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। পরে দলের হাল ধরেন তিনি। ১৯৯৬ সালের পর তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং ২০০১ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক–এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানকে পরিবারসহ দেশ ছাড়তে হয়। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে জাইমা রহমান সেখানেই আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং বাবার কাছ থেকে রাজনীতি বিষয়ে নানা অভিজ্ঞতা অর্জন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাইমা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে। যদিও সেটি সরাসরি কোনো দলীয় কর্মসূচি ছিল না, তবে বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে এমন একটি আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণকে তারা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমানের অনুপস্থিতিতে মেয়েকে প্রতিনিধি হিসেবে পাঠানো ছিল একটি কৌশলগত রাজনৈতিক বার্তা।
এর ধারাবাহিকতায় গত বছরের ২৩ নভেম্বর প্রবাসী ভোট নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে বক্তব্য দেন জাইমা রহমান। ওই সভায় বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জাইমা রহমানের জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫। তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা শেষে ২০০৮ সালে পরিবারের সঙ্গে লন্ডনে যান। কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১৯ সালে লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ সনদ পান। বর্তমানে তিনি একজন পেশাদার আইনজীবী।
গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাইমা রহমান দাদি বেগম খালেদা জিয়ার পাশে থাকার পাশাপাশি বাবাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পোস্টে দেশের সেবায় নিজেকে যুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্বে বাবার পাশে নীরবে দাঁড়িয়ে থাকা, বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণে অংশ নেওয়া এবং পারিবারিক আনুষ্ঠানিকতায় সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে জাইমা রহমানের ভূমিকা রাজনৈতিক অঙ্গনে নতুন করে নজর কেড়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বাবার পাশে থেকেই সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদ বা রাজনৈতিক দায়িত্বের ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে জাইমা রহমানের নাম ক্রমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









