রাজনীতি
হলফনামায় সম্পদ: হাসনাত আবদুল্লাহর বছরে আয় সাড়ে ১২ লাখ, নেই বাড়ি-গাড়ি
.webp)
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মোট সম্পদ ১ কোটি ৩২ লাখ টাকা, যা হাসনাতের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে সম্পদের দিক থেকে মঞ্জুরুল আহসানের স্ত্রী তাঁর চেয়েও এগিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা হাসনাত আবদুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। অন্যদিকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে অতীতে ২৩টি মামলা হয়েছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে। এসব মামলার কোনোটি থেকে তিনি খালাস পেয়েছেন, আবার কোনো মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। পেশায় ব্যবসায়ী মঞ্জুরুল আহসানের শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং।
জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার কারণে কুমিল্লা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহীদ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই আসনে দলটির একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা হাসনাত আবদুল্লাহর জন্ম ১৯৯৮ সালে। বর্তমানে ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা অন্য কোনো বিনিয়োগ থেকে তাঁর কোনো আয় নেই। ২০২৫–২৬ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা।
আয়কর রিটার্ন অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ তাঁর মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তাঁর কোনো ঋণ নেই। তাঁর স্ত্রী পেশায় গৃহিণী এবং তাঁর নামে কোনো সম্পদ দেখানো হয়নি।
সম্পদবিবরণীতে তিনি উল্লেখ করেছেন, তাঁর কাছে নগদ অর্থ রয়েছে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। দুটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ৩ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছে রয়েছে ২৬ লাখ টাকার স্বর্ণালংকার। বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মূল্য ৬৫ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা। তবে তাঁর নামে কোনো কৃষিজমি, অকৃষিজমি, বাড়ি বা অন্যান্য স্থাবর সম্পদ নেই।
হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে বর্তমানে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









