রাজনীতি


সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, সম্পদ বিবরণীতে স্বর্ণ ও বিপুল স্থাবর সম্পত্তি


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, সম্পদ বিবরণীতে স্বর্ণ ও বিপুল স্থাবর সম্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তাঁর বার্ষিক আয়, সম্পদ ও দায়ের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

 

গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয়-ব্যয় বিবরণী (ফরম-২১) অনুযায়ী, ২০২৫–২৬ করবর্ষে সালাহউদ্দিন আহমদের আনুমানিক বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। একই সময়ে তাঁর বাৎসরিক ব্যয় দেখানো হয়েছে ৩৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ টাকা।

 

হলফনামা অনুযায়ী, তাঁর আয়ের বড় অংশ এসেছে অন্যান্য উৎস থেকে। আয় বিবরণীতে দেখা যায়- কৃষিখাত থেকে আয় ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া ৩ লাখ ২০ হাজার টাকা, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে সুদ ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি ২৬ লাখ ৪০ হাজার টাকা, জমি বিক্রি থেকে মূলধনী আয় ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা। 

 

অস্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, সালাহউদ্দিন আহমদের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা। তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নামে নগদ অর্থ রয়েছে ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের নামে জমা রয়েছে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

 

শেয়ার ও বিনিয়োগ খাতে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে সালাহউদ্দিন আহমদের বিনিয়োগের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৯ লাখ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর নামে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। পাশাপাশি তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য দেখানো হয়েছে ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

 

যানবাহনের বিবরণীতে দেখা যায়, সালাহউদ্দিন আহমদের ব্যবহৃত একটি কার ও দুটি জিপের আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের একটি কার ও একটি জিপ।

 

হলফনামায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন আহমদ ১২ দশমিক ৩ তোলা স্বর্ণ পেয়েছেন, যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ২৪ দশমিক ৮ তোলা স্বর্ণ, যার মূল্য ‘অজানা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনটি আগ্নেয়াস্ত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

 

স্থাবর সম্পদের তালিকায় সালাহউদ্দিন আহমদের নামে রয়েছে- ২৪ দশমিক ৩৬ একর কৃষিজমি, ৯ দশমিক ৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ছয়তলা ভবন (১৮,১৫০ বর্গফুট), ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)। 

 

দায়-দেনার বিবরণীতে সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়ের পরিমাণ ৪ কোটি ১৫ লাখ টাকা। পাশাপাশি তিনি অন্যদের প্রদানকৃত ঋণের পরিমাণ দেখিয়েছেন ৭ কোটি ৫৪ লাখ টাকা।

 

সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তাঁর স্ত্রী হাসিনা আহমদ একই আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


সম্পর্কিত

সংসদ নির্বাচনবিএনপিসালাহউদ্দিন আহমদ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।