রাজনীতি


খালেদা জিয়ার বাসভবনে: পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার

খালেদা জিয়ার বাসভবনে: পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এক বিরল ও তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শোক জানাতে সেখানে উপস্থিত হয়ে মুখোমুখি হন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এই সাক্ষাৎকে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে উল্লেখ করেছে।

 

মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয় তাঁর জানাজা, যেখানে অংশ নেন লাখো মানুষ। জানাজা ও শোক প্রকাশ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাঁদের মধ্যেই ছিলেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোক জানাতে খালেদা জিয়ার বাসভবনে গেলে সেখানেই দুজনের মধ্যে এই সাক্ষাৎ হয়।

 

এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বর্তমান আঞ্চলিক বাস্তবতায়। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পড়ে। ওই সংঘর্ষের পর এটিই দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।

 

পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে হেঁটে গিয়ে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত হলেও এই সৌজন্য সাক্ষাৎ কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

Related posts here

 

উল্লেখ্য, গত এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে ভোরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে। চার দিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

 

খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে হওয়া এই সাক্ষাৎ তাই শুধু শোক প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি; বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলেও এক নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পর্কিত

বেগম খালেদা জিয়াভারতপাকিস্তান

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।