রাজনীতি


দিনাজপুরের মেয়ে ‘পুতুল’-এর স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের স্তব্ধতা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার

দিনাজপুরের মেয়ে ‘পুতুল’-এর স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের স্তব্ধতা

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর জন্মভূমি দিনাজপুরে। শহরের বালুবাড়ি এলাকার স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলা যেখানে কেটেছে খালেদা জিয়ার শৈশব ও কৈশোর আজ নীরবতা আর অশ্রুর সাক্ষী।

 

মঙ্গলবার সকাল থেকেই তৈয়বা ভিলার সামনে ভিড় করেন শোকার্ত স্থানীয় মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা। কারও চোখে বিস্মৃত স্মৃতি, কারও চোখে অশ্রু দিনাজপুর যেন হারিয়েছে নিজের এক আপন মানুষকে।

 

খালেদা জিয়ার পারিবারিক নাম ছিল খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরেই তাঁর জন্ম। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। বালুবাড়ি এলাকার তৈয়বা ভিলাতেই কেটেছে তাঁর শৈশবের দিনগুলো। বর্তমানে ঐতিহাসিক এই বাড়িটিতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছে, তবে আজ সেটি যেন শুধুই স্মৃতির ঘর।

 

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর শহরের জেলমোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ছুটে যান নেতাকর্মীরা। দলীয় কার্যালয় ও তৈয়বা ভিলায় কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

 

খালেদা জিয়ার খালাতো ভাই আবু তাহের আবু আবেগভরা কণ্ঠে বলেন, তিনি ছিলেন আমাদের পরিবারের অভিভাবক। আত্মীয়স্বজনের সঙ্গে ভীষণ আন্তরিক ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে দিনাজপুরে এসে আমাকে আদর করে বলেছিলেন ‘কিরে পটল, কেমন আছিস?’ তিনি বাসায় এলে সবার কথা মন দিয়ে শুনতেন। সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে গোর-এ-শহীদ ময়দানে জনসভায় এসেছিলেন। এর আগে ২০০৮ সালে মায়ের মৃত্যুর সময় এসেছিলেন।

 

Related posts here

 

খালেদা জিয়ার শিক্ষাজীবনের শুরুও দিনাজপুরেই। পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন। পরে ১৯৬০ সালে ভর্তি হন দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে, সেখান থেকেই ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ভর্তি হন দিনাজপুর সরকারি কলেজে (সাবেক সুরেন্দ্রনাথ কলেজ)।

 

দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুরের গর্ব, দেশের গর্ব। আমরা গর্ব করে বলি তিনি এই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারাল।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজের জন্মভূমি দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন। প্রিয় নেত্রীর প্রার্থিতার খবরে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিলেন দিনাজপুরের বিএনপি নেতাকর্মীরা, শুরু হয়েছিল জোর প্রচারণা।

 

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বাংলাদেশ আজ একজন আপসহীন নেত্রীকে হারাল। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। দিনাজপুরের মানুষ তাঁকে প্রার্থী হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিল। দিনাজপুরের উন্নয়নে তিনি স্থায়ী স্বাক্ষর রেখে গেছেন। জাতির ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন।

 

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন বলেন, আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। জেলার সর্বত্র শোকের মাতম চলছে। নেতাকর্মীরা দলে দলে তাঁর জানাজায় শরিক হতে রাজধানীর পথে রওনা হচ্ছেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

 

দিনাজপুরের আকাশ-বাতাস আজ ভারী। তৈয়বা ভিলার দেয়ালে দেয়ালে যেন ভেসে বেড়াচ্ছে এক নাম পুতুল, যে নাম থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়।


সম্পর্কিত

দিনাজপুরখালেদা জিয়াবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।