রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিন আসনে প্রার্থী ২৭ জন মনোনয়নপত্র জমা
.webp)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছিল ব্যাপক তৎপরতা। জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন জেলা প্রশাসক কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ–১, ২ ও ৩—এই তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, খেলাফত মজলিসের মো. হেদায়েতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলমসহ একাধিক স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থী।
মানিকগঞ্জ–২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী মাঈনুল ইসলাম খান শান্ত ছাড়াও জাতীয় পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
অন্যদিকে মানিকগঞ্জ–৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসনে সবচেয়ে বেশি, মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির আফরোজা খানম রিতা, জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন, জাতীয় পার্টি ও জেপিসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমেছেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রার্থীদের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকায় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে ওঠে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা, যা মানিকগঞ্জের রাজনীতিকে আরও সরব করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









