রাজনীতি
দুই আসনে তারেক রহমান, ঢাকা–১৭ ছাড়লেন পার্থ: ভোলা-১ এ নতুন সমীকরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। বগুড়া-৬ আসনের পাশাপাশি তিনি ঢাকা–১৭ আসন থেকেও প্রার্থী হচ্ছেন। এর ফলে ঢাকা–১৭ আসনটি ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জোটগত সমঝোতার অংশ হিসেবে ঢাকা–১৭ আসন থেকে সরে দাঁড়িয়ে ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ।
ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন ফাঁকা রেখেছে, তার একটি ছিল ঢাকা–১৭। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনে জোটসঙ্গী হিসেবে আন্দালিভ রহমান পার্থের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। তবে তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় সেই সমীকরণ পরিবর্তন হয়।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সে প্রস্তাবে সম্মত হননি। নিজ দলের পরিচয় ও প্রতীক বজায় রেখে ভোলা-১ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে তিনি অনড় থাকেন। ইতোমধ্যে তিনি ওই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভোলা-১ আসনে এর আগে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছিল। তবে সর্বশেষ রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই আসনে আন্দালিভ রহমান পার্থের বিপরীতে বিএনপি আর কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ওবায়দুর রহমান বিন মোস্তফা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অ্যাডভোকেট জিয়াউর রহমান।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। দীর্ঘ বিরতির পর আবারও একই আসনে তাঁর প্রার্থী হওয়াকে ভোলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হলে ঢাকা–১৭ এবং ভোলা-১ উভয় আসনের চূড়ান্ত চিত্র আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









