রাজনীতি


খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: মাদক ও নারীঘটিত বিরোধের জেরে হামলা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: মাদক ও নারীঘটিত বিরোধের জেরে হামলা

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক ও নারীঘটিত বিরোধকে প্রাথমিকভাবে হামলার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে পুলিশ।

 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্যমতে, ওই বাসাটিতে তল্লাশি চালিয়ে মাদকসেবনের সরঞ্জাম, নেশাজাতীয় দ্রব্যের আলামত এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসাটিতে নারী উপস্থিতিরও আলামত পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে পুলিশের ধারণা, মাদক ও নারীঘটিত কোনো আড্ডাকেন্দ্রিক দ্বন্দ্ব থেকেই হামলার ঘটনাটি ঘটতে পারে।

 

পুলিশ জানায়, গত নভেম্বর মাসে তন্নী নামের এক তরুণী ও এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এনসিপি নেতা মোতালেব শিকদারের ওই বাসায় নিয়মিত যাতায়াত ছিল। সোমবারের ঘটনার পরপরই কথিত ওই ভাড়াটিয়া দম্পতি বাসাটি ছেড়ে পালিয়ে যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

 

ঘটনার পর আহত মোতালেব শিকদারকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে পুলিশ জানায়, গুলিটি তার মাথার ভেতরে প্রবেশ করেনি। মাথার পাশ দিয়ে গুলি চলে যাওয়ায় চামড়া ফেটে আহত হয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ভাড়াটিয়া দম্পতির পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। উদ্ধার করা আলামতের ভিত্তিতে মাদক ও নারীঘটিত কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।


সম্পর্কিত

জাতীয় নাগরিক পার্টিএনসিপিগুলিবিদ্ধ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।