বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘IDRA Insurance Excellence Award 2025’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি. এম. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। এ সময় “আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

citytouch 728-X-90

অনুষ্ঠানে বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনে বিশেষ অবদানের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে IDRA Insurance Excellence Award 2025 তুলে দেওয়া হয়।

নন-লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন, তৃতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, চতুর্থ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ জীবন বীমা কর্পোরেশন এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অ্যাওয়ার্ড প্রদান পর্বে বক্তব্যে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর বলেন, সীমিত প্রিমিয়ামের বিপরীতে দ্রুত ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করেছে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী সুশাসন ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, বীমা খাতে ডিজিটালাইজেশন, দ্রুত দাবি নিষ্পত্তি ও গ্রাহকসেবার মানোন্নয়ন সময়ের দাবি। এ লক্ষ্যে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও বীমা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম. আসলাম আলম বলেন, টেকসই ও জনবান্ধব বীমা খাত গড়ে তুলতে কার্যকর আইন প্রয়োগ, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি জানান, ২০২২–২৩ ও ২০২৩–২৪ অর্থবছরের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক বীমা খাত দেশের শিল্প, বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আইডিআরএ’র নেতৃত্বে বীমা খাত আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আইডিআরএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই সম্মাননা উদ্যোগ বীমা খাতে ইতিবাচক প্রতিযোগিতা, উৎকর্ষতা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।