জাতীয়


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও এসএমএসএমই খাতেই খাতের প্রসারে নতুন উদ্যোগের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন, বুধবার

আপডেট:২৪ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন, বুধবার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও এসএমএসএমই খাতেই খাতের প্রসারে নতুন উদ্যোগের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। বর্তমানে একটি ব্যবসা শুরু থেকে পণ্য আমদানি বা রপ্তানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে যেখানে প্রায় ৩৫৫ দিন সময় লাগে, সেখানে তা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

বুধবার (২৪ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, দেশের শিল্প ও ব্যবসা খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে।

 

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া ১১৩টি প্রস্তাবের মধ্যে ৩৬টি প্রস্তাব সম্পূর্ণ বা আংশিকভাবে গৃহীত হয়েছে। এর মধ্যে আয়কর সংক্রান্ত ১২টি, ভ্যাট সংক্রান্ত ৫টি এবং শুল্ক সংক্রান্ত ১৯টি প্রস্তাব রয়েছে।

 

তিনি আরও বলেন, প্রথমবারের মতো জাতীয় বাজেটে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

তবে এসএমই ফাউন্ডেশনের মতে, জাতীয় শিল্পনীতি ২০২২, খসড়া জাতীয় এসএমই নীতিমালা ২০২৬, ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ এবং রপ্তানি নীতিমালা ২০২৪-২০২৭-এ ঘোষিত বিভিন্ন কর ছাড় ও প্রণোদনার অনেকগুলোই বাস্তবায়নের ক্ষেত্রে এখনও সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কর ও শুল্ক সুবিধাগুলোর কার্যকর বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সভায় এসএমই খাতের জন্য সহজ শর্তে ঋণ বিতরণে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বরাদ্দ ২ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাবও তুলে ধরা হয়। পাশাপাশি ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগের আওতায় গঠিত ৩০০ কোটি টাকার তহবিল থেকে এসএমই ফাউন্ডেশনের জন্য অন্তত ১০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়।

 

এসএমই ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, দেশের ১৭৭টি শিল্প ক্লাস্টারে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে ক্লাস্টারভিত্তিক এসএমই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বর্তমানে দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ শিল্প প্রতিষ্ঠানের ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এ খাতেই সৃষ্টি হয়েছে এবং তিন কোটিরও বেশি মানুষ এ খাতে কর্মরত।

 

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রায় ২২ লাখ উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। বিশেষজ্ঞদের মতে, এসএমই খাতের সক্ষমতা আরও বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চার হবে।

 
 

সম্পর্কিত

বাণিজ্যমন্ত্রীএসএমই খাতবিদ্যুৎ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।